২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ এখন প্রযুক্তি বাজারে লড়তে সক্ষম: ইয়াফেস ওসমান

বাংলাদেশ প্রযুক্তি পণ্যের বিশ্ববাজারে নিজের অবস্থান তৈরি করে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2017, 02:37 PM

Updated : 11 Oct 2022, 01:36 PM

শনিবার রাজধানীর বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ইয়াফেস ওসমান বলেন, এক সময় দেশের বৃহত্তর শিল্প খাত বলতে তেমন কিছুই ছিল না।

“আওয়ামী লীগ ক্ষমতায় এসে এ খাতে ব্যাপক গুণগত পরিবর্তন এনেছে। এখন আমরা গর্ব করে বলতেই পারি, আমাদের প্রযুক্তিপণ্য বিশ্ব বাজারে লড়াই করতে সক্ষম।”

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে রেফারেন্স ল্যাব প্রতিষ্ঠা এবং সেগুলোর আধুনিকায়নে সরকারের নানামুখী পদক্ষেপের কথাও তুলেন ধরেন।

“রিসার্চ ল্যাবগুলো থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত ও প্রযুক্তিপণ্য আমরা শিল্পে দিতে চাই। এ ধরনের প্রযুক্তিনির্ভর শিল্পায়নে আমাদের বেশকিছু পলিসিও আছে।

“প্রযুক্তি খাতের অনেক উদ্যোক্তা সরকারের কার্যক্রম সম্বন্ধে জানেন না। সরকারের দেওয়া সুযোগ সুবিধাগুলো কীভাবে কাজে লাগাবেন, তা তারা বোঝেন না। বৃহৎ থেকে ক্ষুদ্র এমন শিল্প উদ্যোক্তাদের নিয়েও আমরা কাজ করছি। ”

‘প্রযুক্তিভিত্তিক বিজনেস মডেল ওয়ার্কশপ’ শীর্ষক এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, পরিষদের সদস্য (প্রশাসন) মো. আব্দুল মারুফ।

বিসিএসআইআর- এর সেন্টার ফর টেকনোলিজ ট্রান্সফার অ্যান্ড ইনোভেশন প্রকল্পের আয়োজনে এতে ‘সিস্টেমেটিক অ্যাপ্রোচ ফর বিজনেস মডেল ইনোভেশন’ শিরোনামে বক্তব্য দেন সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব সেইন্ট গ্যালানের বিএমআই ল্যাবের ইনোভেশন কনসালটেন্ট পিটার ব্রুগার।

‘রিসারকুলেটরি অ্যাকুয়াকালচার সিস্টেমস: প্রসপেক্ট অ্যান্ড পটেনশিয়াল ইন বাংলাদেশ’ নিয়ে আলোচনা করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ডু।

কর্মশালায় ৩৪ জন নবীন উদ্যোক্তাকে শিল্প উদ্যোগে ব্যবসায় ঝুঁকি হ্রাস, কৌশলগত সুবিধা বাড়ানো, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা, ইনোভেশন অ্যান্ড টেকনোলিজক্যাল একুইজিশানসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে এগ্রোথি ময়মনসিংহ ও এসিআই লিমিটেডের সঙ্গে প্রযুক্তি সহায়তা নিয়ে দুইটি চুক্তি করে বিসিএসআইআর।