২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের বার্ষিক অধিবেশন শুরু

উগ্র মৌলবাদ ও সাম্প্রদায়িকতার উত্থানের বিরুদ্ধে সোচ্চার হতে সংস্কৃতি চর্চাকে আরও বেগবান করার আহ্বান জানিয়েছেন ছায়ানট সভাপতি সনজীদা খাতুন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2017, 07:22 PM

Updated : 11 Oct 2022, 01:35 PM

শুক্রবার সকালে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ষড়ত্রিংশতম বার্ষিক অধিবেশনে তিনি বলেন, “ধর্মের নামে ক্ষমতা দখলদারদের হাত থেকে আমাদের সংস্কৃতিকে যে করেই হোক বাঁচাতে হবে। পরিপূর্ণ বাঙালি হওয়ার প্রত্যয়ে রবীন্দ্র চর্চা অব্যাহত রাখতে হবে।

“প্রাণের ভেতর দিয়ে মানুষ বেঁচে থাকে। সেই উৎসাহেই আমরা সকল প্রতিকূলতাকে এড়িয়ে এ সম্মেলনকে এগিয়ে নিয়ে যাব। রবীন্দ্রনাথই আমাদের নিরন্তর প্রেরণার উৎস।”

রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম চর্চা যেন কেবল উৎসবকেন্দ্রিক না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান বাংলাদেশে রবীন্দ্র চর্চায় অগ্রগামীদের অন্যতম এ সংগঠক।

রাজধানীর জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে তিন দিনব্যাপী এই অধিবেশনের উদ্বোধন করেন শিল্পী রফিকুন নবী।

‘সর্ব খর্বতারে দহে তব ক্রোধদাহ’- রবীন্দ্র সংগীতের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের। ‘আগুনের পরশমনি’ গানের সঙ্গে প্রদীপ প্রজ্জ্বলন করেন সম্মেলনের অতিথিরা। তারপর  স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা।

শিল্পী রফিকুন নবী বলেন, “আমাদের চলার পথে রবীন্দ্রনাথ ছাড়া উপায় নেই। ষাটের দশক থেকে তাকে আকড়ে ধরেই এ পর্যন্ত আসা। রবীন্দ্রনাথকে ধারণ করেই সংগীত, চিত্রকলা ও জীবনের প্রতিটি পর্বে সবখানে এগিয়ে চলেছি আমি।”

সকালের পর্বে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন মাকসুরা আক্তার, সুশান্ত রায়, অভয়া দত্ত, সুদীপ সরকার, রিমা সাহা।

দুপুরে দলীয় পরিবেশনায় ছিল রবিরশ্মি। সম্মেলক গান পরিবেশন করেন সিলেট থেকে আসা সম্মিলনের সদস্যরা। আবৃত্তি পরিবেশনায় ছিলেন জহিরুল হক। সম্মেলক নৃত্য পরিবেশন করে ধৃতি নর্তনালয় ও নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র।

সন্ধ্যার পর্বে প্রদীপ প্রজ্জ্বলনের পরে গান পরিবেশন করেন মোহাম্মদ সিফায়েতউল্লাহ, মহাদেব ঘোষ, ফাহমিদা খাতুন, বিশ্বজিৎ সেন, কৃষ্টি হেফাজ, সুপ্রিয়া দাশ, তন্বী দত্ত, নাঈমা নাজসহ আরো অনেকে।

সম্মেলন উপলক্ষে সারা দেশ থেকে আসা রবীন্দ্রসংগীত শিল্পীদের নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এর মধ্যে শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হয় কিশোর বিভাগের চূড়ান্ত প্রতিযোগিতা। শনিবার সকালে অনুষ্ঠিত হবে সাধারণ বিভাগের চূড়ান্ত প্রতিযোগিতা। আর রোববার সমাপনী আসরে পুরস্কৃত করা হবে প্রতিযোগিতার বিজয়ীদের।

শনিবার বিকাল ৪টায় রয়েছে প্রতিনিধি সম্মেলন। বিকাল ৫টায় সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘সভ্যতার সংকট ও রবীন্দ্রনাথ’ শীর্ষক এক সেমিনার। সনজীদা খাতুনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ভুঁইয়া ইকবাল।

রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণের পর অনুষ্ঠিত হবে প্রতিনিধি সম্মেলন। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

সেদিন প্রদান করা হবে রবীন্দ্র পদক ও গুণীজন সম্মাননা। এ বছর গুণীজন সম্মাননা পাচ্ছেন তবলাশিল্পী মদন গোপাল দাস ও পটশিল্পী শম্ভু আচার্য।