২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইকবালের স্ত্রী-সন্তানদের আপিল

দুর্নীতির মামলায় বিচারিক আদালতের সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেছেন আওয়ামী লীগের সাবেক এমপি এইচ বি এম ইকবালের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2017, 08:38 PM

Updated : 19 Aug 2022, 03:58 PM

এই মামলায় কারাগারে যাওয়ার পরদিন বৃহস্পতিবার তাদের পক্ষে হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করা হয়। এতে সাজার রায় স্থগিতের পাশাপাশি জামিনও চেয়েছেন তারা।

মামলাকারী দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রায়ের বিরুদ্ধে আপিল দায়েরের কপি দুদককে দেওয়া হয়েছে। তবে এখনও তা আমি পড়ে দেখিনি।”

বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে অবৈধ সম্পদ অর্জনের মামলায় ইকবালকে ১৩ বছরের দণ্ড দিয়েছিল আদালত।

ইকবালের আবেদনে ২০১১ সালের ১৮ জানুয়ারি হাই কোর্ট তাকে মামলাটি থেকে খালাস দেয়।

অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতার দায়ে তার স্ত্রী মমতাজ বেগম, দুই ছেলে মোহাম্মদ ইমরান ইকবাল ও মঈন ইকবাল এবং মেয়ে নওরীন ইকবালের তিন বছর করে কারাদণ্ড এবং এক লাখ টাকা করে অর্থদণ্ড হয়।

ইকবাল খালাস পেলেও স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে রায়টিতে স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্ট।

আপিল বিভাগের নির্দেশনা অনুসারে তারা বুধবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছিলেন। আদালত জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠায়।

সপ্তম সংসদে (১৯৯৬-২০০১) ঢাকার রমনা-তেজগাঁও আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ইকবাল প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান। তার ছেলে ইমরান ওই ব্যাংকের একজন পরিচালক। আরেক ছেলে মঈন ও মেয়ে নওরীন ও একসময় পরিচালনা পর্ষদে ছিলেন।

পুরনো খবর:

ইকবালের স্ত্রী ছেলে মেয়েরা কারাগারে