২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতায় গ্রেপ্তার ইদ্রিসকে দেশে আনা হবে: আইজিপি

কলকাতায় গ্রেপ্তার সন্দেহভাজন জঙ্গি মো. ইদ্রিসকে দেশে আনা হবে বলে জানিয়েছেন পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2017, 06:39 PM

Updated : 19 Aug 2022, 03:58 PM

সন্দেহভাজন জেএমবি নেতা ইদ্রিসকে গ্রেপ্তারের খবর ভারতের সংবাদ মাধ্যমে আসার প্রেক্ষাপটে বৃহস্পতিবার নিজের দপ্তরে সাংবাদিকদের জিজ্ঞাসায় একথা জানান তিনি।

ইদ্রিস গত বছরের গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলায় জড়িত ছিলেন বলে দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে। ঢাকায় ওই হামলায় ১৭ বিদেশি নিহত হন।

শহীদুল হক বলেন, “সে (ইদ্রিস) গুলশান হামলায় জড়িত কি না, তা জানতে তাকে (বাংলাদেশে) এনে জিজ্ঞাসাবাদ করা হবে।”

চলতি সপ্তাহের শুরুতে কলকাতার বড় বাজার এলাকা থেকে গ্রেপ্তার ইদ্রিসকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় ইংরেজি দৈনিকটি।

Image
এ কে এম শহীদুল হক (ফাইল ছবি)

এ কে এম শহীদুল হক (ফাইল ছবি)

প্রতিবেদনে তাকে গুলশান হামলার একজন ‘মোস্ট ওয়ান্টেড’ উল্লেখ করে বলা হয়েছে, “দিল্লি পুলিশের বিশেষ একটি সেল কলকাতা পুলিশকে খবর দেয়, বড় বাজারের এক আন্তানায় লুকিয়ে আছেন ইদ্রিস। তিনি কলকাতা ও হায়দ্রাবাদের মধ্যে ঘোরাফেরা করছেন এবং রোহিঙ্গাদের অধিকারের পক্ষে সরব হওয়ার কথা তরুণদের জঙ্গিবাদে টানার চেষ্টা করছেন বলে সুনির্দিষ্ট তথ্য ছিল পুলিশের কাছে।”

গুলশান হামলাকারীদের সবাই কমান্ডো অভিযানে মারা পড়েছিলেন। এরপর কয়েকটি অভিযানে নিহত হন সন্দেহভাজন আরও কয়েকজন জঙ্গি নেতা, যারা ওই হামলার পরিকল্পনায় ছিলেন বলে গোয়েন্দাদের দাবি।  

গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে টেলিগ্রাফ জানিয়েছে, ভারতীয় পুলিশ ইদ্রিসকে গ্রেপ্তারের বিষয়টি বাংলাদেশের পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটকে জানিয়েছে। বাংলাদেশ পুলিশ চাইলে তাকে জিজ্ঞাসাবাদ করার সুযোগও তাদের দেওয়া হতে পারে।

গোবিন্দগঞ্জে চিনিকলের জমিতে সাঁওতালদের ঘরে আগুন দেওয়ার ঘটনায় গাইবান্ধার দুই পুলিশ সদস্যকে চিহ্নিত করে দেওয়া পুলিশ প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেলে আইজিপি বলেন, “আজ  এ বিষয়ে আমি কিছু বলব না। তাহলে এই সংবাদ সম্মেলনের ফোকাস নষ্ট হবে।”

পুরনো খবর:

‘গুলশান হামলার সন্দেহভাজন’ কলকাতায় গ্রেপ্তারের খবর