ফুটপাত ছেড়েছে যুক্তরাষ্ট্র ও কানাডিয়ান দূতাবাস
সিটি করপোরেশনের অনুরোধে সাড়া দিয়ে ঢাকার কূটনৈতিক এলাকার সড়কের ফুটপাত থেকে নিরাপত্তা স্থাপনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডার দূতাবাস।
শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র দূতাবাস কর্তৃপক্ষ ফুটপাতের উপর রাখা ৪০টি ‘কংক্রিটের ব্লক’ ফুটপাত থেকে সরিয়ে রাস্তার একপাশে রেখেছে। পাশাপাশি সেগুলো যুক্ত করে রাখা শেকলগুলোও খুলে নেওয়া হয়েছে।
এতে নতুনবাজার থেকে জাতিসংঘ সরণি পর্যন্ত সড়কের একপাশের ফুটপাত দিয়ে পথচারীর হাঁটার সুযোগ তৈরি হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
“আমাদের মাননীয় মেয়র মহোদয় চেষ্টা করছিলেন, এসব দূতাবাসের সামনের ফুটপাত পথচারী চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে। সে অনুযায়ী আমরা চিঠিও পাঠিয়েছি দূতাবাসগুলোয়। শনিবার আমরা মার্কিন দূতাবাস এবং কানাডিয়ান দূতাবাসের সামনে গিয়ে ফুটপাতগুলো উন্মুক্ত দেখতে পাই।”
চিঠিতে ফুটপাতের উপরের নিরাপত্তা স্থাপনা সরিয়ে দূতাবাসের নিজেদের জায়গায় নিতে অনুরোধ জানানো হয়।
