ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের ইতিহাস অভিন্ন: উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের ইতিহাস অভিন্ন বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের ৫০ তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় একটি জাতি বিনির্মাণে অংশীদার। এই শিক্ষার্থীরা ভাষার জন্য, স্বাধীনতার জন্য এবং বিভিন্ন গণতান্ত্রিক ও ন্যায়সঙ্গত আন্দোলনে রক্ত দিয়ে যে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে, সেটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস তথা বাংলাদেশের ইতিহাস।”
তিনি বলেন, “মার্চ মাস আসার অর্থ আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া। কারণ ১৯৭১’র মার্চ আমাদের অস্তিত্বের ভীত রচনা করেছে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আর্থ সামাজিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উপাচার্য বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও সত্য প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে, তরুণ প্রজন্মকে এই সত্যকে প্রচার করতে হবে, সত্য প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।”
বর্তমান বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে ছাত্র-ছাত্রীদের আন্তর্জাতিক মানের গ্রাজুয়েট হিসেবে প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।
“জীবনের বৃহত্তর কর্মক্ষেত্রে প্রবেশ সহজ নয়, তা অত্যন্ত শ্রমসাধ্য ও সংগ্রামমুখর। বিশ্ববিদ্যালয়ের দীক্ষা ও জ্ঞান-বিজ্ঞানই তোমাদের জীবন-সংগ্রামের সম্বল ও মন্ত্র। এখান থেকে যে- আদর্শবাদ ও মূল্যবোধ নিয়ে জীবনের প্রবেশ করবে, তার সদ্ব্যবহার করে বিজয়ী হও- এটাই আমাদের প্রত্যাশা।”
শোভাযাত্রাটি সাড়ে ১১টার দিকে সমাবর্তন মঞ্চের সামনে এসে শেষ হয়। এরপর অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত গাওয়া হয়। রাষ্ট্রপতি আবদুল হামিদ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
পৌনে ১২টার দিকে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও স্বাগত সঙ্গীত পরিবেশন করা হয়।
তারপরে কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিওর প্রেসিডেন্ট ও ভাইস চ্যন্সেলর অধ্যাপক অমিত চাকমাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে ক্রেস্ট দেওয়া হয়।
