পাটের ক্যানভাসে রংতুলির কারিশমা
চিত্রকলায় পাটের ক্যানভাসের ব্যবহার শুরু করেছিলেন চিত্রশিল্পী এস এম সুলতান; তারই ধারাবাহিকতায় একদল তরুণ পাটের সেই ক্যানভাসে ফুটিয়ে তুলল সমকালীন চিত্রকলার নানা নিদর্শন।
শুক্রবার বিকালে বিশ্বসাহিত্য কেন্দ্রের চিত্রশালায় শুরু হয়েছে ‘পাটের ক্যানভাসে বাংলাদেশ’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী।
‘পাটের লড়াই’ নামে একটি তিন দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন ভাস্কর হামিদুজ্জামান খান। উদ্বোধনীতে উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এবং নারায়ণগঞ্জ আর্ট কলেজের ১৮ তরুণের ৩৫টি চিত্রকর্ম। এছাড়া স্কুলপড়ুয়া ৩৬ শিশুশিল্পীর চিত্রকর্ম এতে প্রদর্শিত হচ্ছে ।
জাতীয় পাট দিবসকে সামনে রেখে আয়োজিত এ চিত্রকর্ম প্রদর্শনীতে চটের উপর আঁকা চিত্রকর্মগুলোতে বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস, ঐতিহ্যসহ নানা বিষয় উঠে এসেছে।
প্রদর্শনী উদ্বোধন করে ভাস্কর হামিদুজ্জামান খান বলেন, “পাটের ওপর এ ধরনের আয়োজন বাংলাদেশে এই প্রথম। এই আয়োজনের মধ্যে দিয়ে শিল্পকলায় পাটের ব্যবহারের যে সেতুবন্ধ তৈরি হল, তা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এর মধ্যে দিয়ে চারুকলা শিক্ষার্থী ও তরুণ শিল্পীরা ক্যানভাস হিসেবে পাটকে বেছে নিতে উৎসাহিত হবে।”
দেশীয় পাটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “ইউরোপ আমেরিকায় পাটের ক্যানভাস বেশ সমাদরের সাথে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশের পাটে তৈরি ক্যানভাসকে আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি। আর এর সাথে আমাদের বাহারি পাটপণ্য তো আছেই। ঠিকঠাক নিজেদের সম্পকে ব্যবহার করতে পারাটাই সবচেয়ে বেশি জরুরি।”
প্রদর্শনীটি চলবে ৫ই মার্চ পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।
‘পাটের ক্যানভাসে বাংলাদেশ’ শীর্ষক এ প্রদর্শনীটি ভুবনজয়ী চিত্রশিল্পী এস এম সুলতানকে উৎসর্গ করা হয়েছে।
উদীচীর গণসঙ্গীত প্রতিযোগিতা শুরু
‘আমার লড়াই আমার গান, উঠবে জেগে সর্বপ্রাণ’ স্লোগানে শুরু হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতা।
শুক্রবার সকালে উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের জন্মদিন উপলক্ষে জাতীয় গণগ্রন্থাগারে সেমিনার কক্ষে শুরু হয় এই প্রতিযোগিতা। ঢাকা জেলা পর্ব অনুষ্ঠিত হয় এদিন।
একক প্রতিযোগিতার ক্ষেত্রে অনুর্ধ্ব-১২ বছর বয়সীরা ‘ক’ বিভাগে, ১২ থেকে অনুর্ধ্ব-১৮ বছর বয়সীরা ‘খ’ বিভাগে এবং ১৮ বছরের বেশি বয়সী সকল প্রতিযোগী ‘গ’ বিভাগের অন্তর্ভুক্ত ছিলেন।
১৮ মার্চ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজিত বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবেন জেলা পর্যায়ের বিজয়ীরা।
দেশে ও বিদেশে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ীরা অংশ নেবেন বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায়। সেখানে যারা বিজয়ী হবেন তারা ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিভাগীয় পর্যায়ে একক বিভাগগুলোর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী এবং দলীয় বিভাগে শুধুমাত্র প্রথম স্থান অধিকারী দল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।
১ এপ্রিল সকালে শিল্পকলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা।
