শিক্ষকরা শিল্প-সংস্কৃতির চর্চা করছেন না: সংস্কৃতিমন্ত্রী
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংস্কৃতি চর্চার বেহাল দশায় হতাশ হয়ে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, “খোদ শিক্ষকরাই এখন শিক্ষকরা শিল্প-সংস্কৃতি চর্চা করছেন না।”
সারা দেশে সাংস্কৃতিক জাগরণের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংস্কৃতি মন্ত্রণালয়ের নানা উদ্যোগের মধ্যে শুক্রবার সন্ধ্যায় স্কলাসটিকা স্কুলের ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে এ মন্তব্য করেন মন্ত্রী।
আসাদুজ্জামান নূর বলেন, “আমাদের শিক্ষকরা আন্তরিক থাকায় সুশিক্ষার অভাব হয়নি। তারা আমাদের সময় দিতেন, পড়ালেখার পাশাপাশি শিল্প সংস্কৃতির চর্চা করাতেন। কিন্তু এখন তেমনটি আর নেই।
“গ্রামে শহরে একই অবস্থা। কোথাও শিক্ষকগণ এখন আর শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় দেন না, শিল্প সংস্কৃতি চর্চায় নিয়োজিত রাখেন না।”
“শিক্ষা উপকরণ, শিক্ষাদান পদ্ধতিসহ সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় শহর আর গ্রামের মধ্যে রয়েছে বিস্তর ফাঁরাক। সবদিক দিয়ে বিবেচনা করলে বলা যায়, আমাদের মানবিক শিক্ষাদান ব্যাহত হচ্ছে।”
পরে ৪০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে রাজধানীর মিরপুরসহ স্কলাসটিকা সিনিয়র শাখার শিক্ষার্থীরা স্কুলের মিলনায়তনে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘মুক্তধারা’ মঞ্চস্থ করে।
