২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামি নিয়ে ফ্লাইওভারে উল্টেছে প্রিজন ভ‌্যান

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে থেকে ২৪ জন আসামি নিয়ে গাজীপুরের কাশিমপুরে যাওয়ার পথে মগবাজার ফ্লাইওভারে দুর্ঘটনায় পড়েছে একটি প্রিজন ভ‌্যান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2017, 11:31 AM

Updated : 11 Oct 2022, 01:33 PM

তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই আবু জাফর মানিক জানান, ফ্লাইওভার পার হয়ে নামার আগে চালক নিয়ন্ত্রণ হারালে প্রিজন ভ‌্যানটি প্রায় ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়ে উল্টে যায়। 

শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে তেজগাঁও সাত রাস্তার কাছাকাছি এলাকায় ফ্লাইওভারের উপরে এ ঘটনা ঘটে।

“চালক হাতে আঘাত পেয়েছেন। আসামিদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের কেউ তেমন আহত নন,” বলেন মানিক।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভ‌্যানটি বেশ কিছু দূর ছেঁচড়ে যাওয়ায় ফ্লাইওভারের রাস্তার মাঝখানে দাগ সৃষ্টি হয়েছে।

ওই ভ‌্যানের চালক কামাল সাংবাদিকদের বলেন, “ঢাল দিয়ে নামার সময় হঠাৎ গাড়ি ঝাঁকি খায়। তারপর আর কন্ট্রোল ছিল না।”

প্রিজন ভ‌্যানের নিরাপত্তার জন‌্য পেছনে থাকা পুলিশের গাড়িতে ছিলেন পরিদর্শক আক্তার জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সামনে ভ‌্যানের গতি খুব বেশি ছিল না। হঠাৎ ছোট কয়েকটা ঝাঁকুনি খেল বলে মনে হল। তারপর দেখি ফ্লাইওভারের পশ্চিম পাশের দেয়ালে বাড়ি খেয়ে গাড়ি পুরো ঘুরে গিয়ে উল্টে পড়ল।”

দুর্ঘটনার পর কিছু সময় ফ্লাইওভারে চলাচল বন্ধ রাখা হয়। পরে রেকার এনে ভ‌্যানটি সরিয়ে নেওয়া হয় বলে শিল্পাঞ্চল থানার ওসি আবদুর রশিদ জানান।

তিনি বলেন, “আসামিদের সবাইকে আপাতত শিল্পাঞ্চল থানায় রাখা হয়েছে। নতুন ভ‌্য‌ান এলে তাদের কাশিমপুর কারাগারে পাঠানো হবে।”