ব্রিটিশ মন্ত্রী অলোক শর্মা ঢাকায়
ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্যাসিফিক অঞ্চল বিষয়ক মন্ত্রী অলোক শর্মা তিন দিনের সফরে বৃহস্পতিবার ঢাকা এসেছেন।
২০১৬ সালে এই পদে নিয়োগ পাওয়ার পর এই প্রথম বাংলাদেশ সফরে এলেন অলোক। ২০১০ সালে যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন তিনি। এর আগে ২০ বছর আন্তর্জাতিক আর্থিক সেবা খাতে কাজ করেন ভারতীয় বংশোদ্ভূত এই ব্রিটিশ।
সফরে অলোক শর্মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে ব্রিটিশ হাই কমিশন জানিয়েছে।
রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও ব্যবসায়ী, সুশীল সমাজ, বিভিন্ন ধর্মীয় ও নৃতাত্ত্বিক গোষ্ঠীর প্রতিনিধি এবং কমনওয়েলথ অ্যালামনাইয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
ঢাকা সফর নিয়ে এক বিবৃতিতে অলোক বলেন, “মন্ত্রী হিসেবে প্রথম বাংলাদেশ সফরে আমি আনন্দিত। আমাদের দুই দেশের সম্পর্ক অভিন্ন ইতিহাস ও শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত।”
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, শিক্ষা সংক্রান্ত সহযোগিতা এবং সন্ত্রাস দমনে সহযোগিতা বৃদ্ধিসহ নানা ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক কীভাবে আরও জোরদার করা যায় সে বিষয়ে আলোচনা করতে চান তিনি।
