সাত বছর কারাবন্দি সেই ৪ নারীর একজনের জামিন হাই কোর্টে
বিচার শেষ না হওয়ায় সাত বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি চার নারীর মধ্যে সুমি আক্তার রেশমাকে জামিন দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়।
বাকিদের মধ্যে শাহনাজ বেগম ও রাজিয়া সুলতানার বিচার তিন মাসের মধ্যে শেষ করতে বিচারিক আদালতকে নির্দেশ দেয় এই বেঞ্চ। এ সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি না হলে তাদেরও জামিন দিতে বলা হেয়েছে।
আরেক কারাবন্দি রানী ওরফে নূপুরের জামিন প্রশ্নে রুল খারিজ করে দিয়েছে আদালত।
আলাদা চার হত্যা মামলায় সাত বছরের বেশি সময় ধরে এই চার নারীর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকার তথ্য আদালতের নজরে এনেছিলেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সদস্য ও আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা।
গত বছরের ৩০ নভেম্বর শুনানি নিয়ে কেন তাদের জামিন দেওয়া হবে না, জানতে চেয়ে রুল দেয় হাই কোর্ট; পাশাপাশি ১৬ জানুয়ারি তাদের আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে তলব করা হয় কারাবন্দি চার নারীর মামলার নথিও।
নির্ধারিত তারিখে তাদের হাজির করা হলে আদালত শুনানি নিয়ে আদেশের জন্য তারিখ নির্ধারণ করে দেয়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার চারজনের বিষয়ে এ আদেশ দেওয়া হয়।
আদেশে জামিন প্রশ্নে রুল খারিজ হয়ে যাওয়া রানী ওরফে নূপুরের প্রসঙ্গে আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার বিরুদ্ধে বিচারাধীন মামলার ধরন ও গুরুত্ব বিবেচনা করে আদালত জামিন প্রশ্নে রুল খারিজ করে দিয়েছে।”
তিনি জানান, রাণী ওরফে নূপুর ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বোরকা নতুন বাজার গ্রামের চান মিয়ার মেয়ে। ঢাকার রমনা থানায় ২০০৯ সালের একটি হত্যা মামলায় ওই বছর ২১ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকার বিশেষ জজ আদালতে বিচারাধীন এ মামলায় ইতোমধ্যে তাকে ৬৫ বার বিচারিক আদালতে হাজির করা হয়েছে। সর্বশেষ গত বছরের ২১ অগাস্ট তার হাজিরার দিন ছিল।
বাকি তিন নারীর মামলার নথি থেকে জানা যায়,
>> নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার ধর্মগঞ্জের আশরাফ আলীর মেয়ে সুমি আক্তার রেশমা রাজধানীর শ্যামপুর থানার ২০০৮ সালের একটি হত্যা মামলায় ২০০৯ সালের ১৫ জানুয়ারি গ্রেপ্তার হন। তখন থেকেই তিনি কারাগারে।
ঢাকার মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালতে বিচারাধীন এ মামলায় ৫০ বার হাজির করা হয়েছে রেশমাকে। সর্বশেষ গত বছর ১৬ সেপ্টেম্বর তাকে হাজির করা হয়।
>> নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ইলমদি গ্রামের আলম খালাসী মেয়ে শাহনাজ বেগম কারাগারে আছেন ২০০৮ সাল থেকে। ঢাকার দোহার থানার একটি হত্যা মামলায় ওই বছর ১৬ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।
মামলাটি বর্তমানে ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন। গত বছরের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ৭৬ বার তাকে ওই আদালতে হাজির করা হলেও বিচার শেষ হয়নি।
>> গাজীপুরের টঙ্গী থানার বেদে বহর এলাকার উকুল উদ্দিনের মেয়ে রাজিয়া সুলতানা তুরাগ থানার এক হত্যা মামলায় ২০০৯ সালের ২১ মে গ্রেপ্তার হন।
ঢাকা মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালতে বিচারাধীন এ মামলায় ৬০ বার তাকে হাজির করা হয়েছে। সর্বশেষ ২০১৬ সালের ৯ অগাস্ট তাকে হাজির করা হয়।
