২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব বেড়েছে

দেশে অস্ত্রোপচারের মাধ্যমে মাধ্যমে সন্তান প্রসবের হার বাড়ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2017, 06:24 PM

Updated : 19 Aug 2022, 03:53 PM

বৃহস্পতিবার সংসদে এক প্রশ্নের জবাবে তিনি জানান, ২০১১ সালের তথ্য অনুযায়ী সিজারিয়ান অপারেশনে সন্তান প্রসবের হার ছিল ১৫ শতাংশ। ২০১৪ সালে তা বেড়ে দাঁড়ায় ২৩ শতাংশে। অর্থাৎ তিন বছরে এ হার ৮ শতাংশ বেড়েছে।

বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভের বরাত দিয়ে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী আরও জানান, সরকারি হাসপাতালের তুলনায় বেসরকারি হাসপাতাল/ক্লিনিকে তুলনামুলকভাবে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান প্রসবের হার অনেক বেশি।

তিনি বলেন, “সরকারি হাসপাতালে প্রসবসেবা বাড়ানোর মাধ্যমে প্রাইভেট হাসপাতাল/ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের হার কমানোর লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।”

বেসরকারি হাসপাতাল/ক্লিনিকগুলোর বিরুদ্ধে প্রসূতি সেবা বাণিজ্যের বিষয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় বলে মন্ত্রী জানান।

অপর এক প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রথমসারির অধিক গুণগত মানসম্পন্ন ৩০টি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান দেশের চাহিদার ৯০ ভাগ পূরণ করে। বাকি ১০ শতাংশ ওষুধ অন্যান্য মাঝারি ও ছোট ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ও আমদানির মাধ্যমে পূরণ হয়।

এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “কিডনি, ডায়ালাইসিস ও নিউরো সার্জারি চিকিৎসা অত্যন্ত জটিল, ব্যয়বহুল ও সময় সাপেক্ষ বিধায় উপজেলা পর্যায়ের হাসপাতালে ওই ‍সুবিধা দেওয়া সম্ভব হয় না।”

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।