রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল কারাগারে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক প্রধান প্রকৌশলী মো. এমদাদুল ইসলামের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
ঢাকার মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী বৃহস্পতিবার শুনানি শেষে এই আদেশ দেয়।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকার বনানী এলাকা থেকে এমদাদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পরে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান তাকে আদালতে হাজির করলে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান ও আবুল কালাম আজাদ জামিনের আবেদন করেন।
এমদাদুলের আইনজীবীরা শুনানিতে বলেন, তাদের মক্কেল সম্পদের সঠিক তথ্য বিবরণী দিয়েছেন। তার বিরুদ্ধে দুদক যে অভিযোগ এনেছে তা ভিত্তিহীন। এমদাদুল রাজউক ও দুদকের কয়েকজন ‘প্রাতিষ্ঠানিক শত্রুর’ ষড়যন্ত্রের শিকার।
দুদক কর্মকর্তা সাইদুজ্জামান গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার রমনা থানায় এমদাদুলের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
সেখানে এক কোটি ১৮ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাতআয়ের বাইরে আরও ৮৭ লাখ টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগে আনা হয়েছে রাজউকের সাবেক প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে।
