২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসির ‘ভুয়া’ প্রশ্নপত্র সরবরাহে জড়িত অভিযোগে গ্রেপ্তার ৮

এসএসসি পরীক্ষায় ‘ভুয়া’ প্রশ্নপত্র সরবরাহে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2017, 10:26 AM

Updated : 19 Aug 2022, 03:54 PM

এরা হলেন, কমলাপুর শের ই বাংলা রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. রফিকুল ইসলাম, রমন হোসেন ওরফে মাহির, মো. রাজীব আলী, মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ, অন্তর, মো. তারিফুজ্জামান হিমেল ওরফে আবির, মো. লিটন মিয়া, মো. জহিরুল ইসলাম ওরফে শুভ।

দেশের বিভিন্ন জেলা থেকে প্রশ্ন ফাঁস চক্রের এই সদস্যদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মাসুদুর রহমান।

পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন, গ্রেপ্তার শিক্ষক রফিকুল ইসলাম ‘জ্ঞানকোষ’ নামের একটি কোচিং সেন্টার পরিচালনা করেন। গ্রেপ্তার বাকিদের মধ্যে জহিরুল তার ঘনিষ্ঠ সহযোগী।

তিনি বলেন, “এসএসসি পরীক্ষার প্রশ্ন কেন্দ্র থেকে সাব সেন্টারে নেওয়ার সময় জহির প্রশ্নের ছবি তুলে তা ১০ মিনিটে নিজেদের পেইজে ছড়িয়ে দেয়।

“যারা তাদের ওই পেইজে আছেন, তারা বিকাশে এক থেকে পাঁচ হাজার টাকা দিয়ে সেখানে আগে থেকেই যুক্ত হন। পরীক্ষার ১৫/২০ মিনিট আগে এমসিকিউ প্রশ্ন তারা সলভড অবস্থায় পান।”

তারা প্রশ্নপত্র পেতে পরীক্ষার্থীদেরকে ফেইসবুক, মেসেঞ্জারে নকল আইডি খুলে তাদের ওই পেইজে যুক্ত হওয়ার প্রলোভন দেখায় বলেও জানান মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা।

আবদুল বাতেন বলেন, “আমার তো মনে হয়, কোচিং সেন্টারই গণ্ডগোলের জায়গা। সেটার প্রসারের জন্যই এরা এই সমস্ত কাজ করে থাকেন। সব শিক্ষক এক রকম না। প্রতি বোর্ডে একজন শিক্ষকও এমন কাজ করলে, শিক্ষা ব্যবস্থায় গুরুতর প্রভাব পড়ে।”

সংবাদ সম্মেলনের শুরুতে আবদুল বাতেন বলেন, “বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের খবর ইন্টারনেটে ছড়িয়ে পড়লে ঘটনাটি তদন্ত করতে গিয়ে বিভিন্ন ধরনের লোকজনের তথ্য পাওয়া যায়। গোয়েন্দারা প্রশ্ন ফাঁসের মূল জায়গায় নজর দিতে গিয়ে ধারণা করছে, তিনটি জায়গা থেকে প্রশ্ন ফাঁস হতে পারে।

“প্রথমত যারা প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে জড়িত সেখান থেকে ফাঁস হতে পারে, দ্বিতীয়ত বিজি প্রেস থেকে এবং সর্বশেষ মনে করা হচ্ছে পরীক্ষার প্রশ্ন বিভিন্ন জেলার কেন্দ্রে যাওয়ার পর সেগুলো সাব সেন্টারে যায়, সেখান থেকে প্রশ্ন ফাঁস হতে পারে।”

গ্রেপ্তার চক্রটি তৃতীয় স্তরের সদস্য জানিয়ে তারা ইংরেজী পরীক্ষার প্রশ্ন ফাঁসেও জড়িত ছিল বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

আবদুল বাতেন জানান, “চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, ময়মনসিংহ, জামালপুর এইসব জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।”

চলতি বছর এসএসসিতে বিভিন্ন পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মোবাইল অ্যাপের মাধ্যমে, যা পরদিন পরীক্ষায় হুবহু মিলে যাচ্ছে। এ নিয়ে সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও তাতে কাজ হয়নি।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ‘ভুয়া’ প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকায় ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।

পুরনো খবর:

প্রশ্নফাঁসে জড়িত সন্দেহে গ্রেপ্তার ৬
প্রশ্ন ফাঁস আবারও, ফল হচ্ছে না জানিয়েও