২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কবিকণ্ঠে কবিতা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হয়ে গেল নিয়মিত আয়োজন ‘কবিকণ্ঠে কবিতা’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2017, 11:42 PM

Updated : 11 Oct 2022, 01:32 PM

‘একুশে একুশে একাত্তর’ শিরোনামে বুধবার বিকালের এই আসরে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদের সাবেক সভাপতি হাবিবুল্লাহ সিরাজী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি কবি রবিউল হুসাইন।

তিনি বলেন, “অশুভের বিরুদ্ধে কবিতা হল এক দারুণ যুদ্ধাস্ত্র। সৈনিকরা মেটালিক অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করে, কবিরা করে এই শব্দের অস্ত্র নিয়ে।

“কবিতা যদি শাসকের পছন্দ না হয়, তবে কবি আর কবিতার বই নিষিদ্ধ হয়। গ্রেপ্তার হন কবি। তাহলে বুঝুন কবিতার শক্তি কত! কবিরা হলেন বিবেকের সেই শক্তির প্রতিভূ। বিবেককে চির জাগরূক রাখতে কবিরা পালন করছে অগ্রসর ভূমিকা।”

স্বাগত ভাষণের পরে মঞ্চে আসেন কবি আসলাম সানি। তিনি শোনালেন ‘তুমি তো আমাদের স্বপ্নজয়ী বোন’।

রণজিৎ কুমার শোনান ‘বিবেক পাখি’, পারভিন আক্তার আবৃত্তি করেন ‘প্রজন্ম থেকে বলছি’ কবিতাটি। কবি শামস হক ‘জৈনিক বর্ণ’, মোস্তফা মজিদ শোনান ‘ভাষার অঙ্গীকার’, ‘চলচ্চিত্র’।

তাদের পর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ উল আলম লেনিন ‘সার্থক জনম আমার কবিতাটি’ আবৃত্তি করেন। আতাহার খান আবৃত্তি করেন ‘সীমানা’, হাসান হাফিজ ‘লাল সবুজ’, রবীন্দ্র গোপ ‘বিজয়ের পঙক্তিমালা’, শিহাব সরকার পড়েন ‘বাংলার পাঁচশ বছর পর’ এবং ‘ও ভাই পতাকাওয়ালা’।

জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত পাঠ করেন তার ‘ছিন্ন ডানার মানুষ পাখি’ কবিতাটি।

আলম তালুকদার পড়েন ‘আমার আছে জয় বাংলা’, রুবী রহমান পড়েন ‘আজ আমি’, রবিউল হুসাইন আবৃত্তি করেন ‘স্বাধীনতা স্বাধীনতা’, অসীম সাহা শোনান ‘বাঙালির জাতিরাষ্ট্র’। পরে দিলারা হাফিজ পাঠ করেন ‘আত্মজ আমার ভাষা’ কবিতাটি। জাহিদুল হক পড়েন ‘প্রেমের কবিতা’।

শিল্পী জান্নাত কেয়ার একক চিত্র প্রদর্শনী ‘ঢেউ’

গ্যালারিতে ঢুকলেই চোখে পড়বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ছবি। এর পাশেই রয়েছে গাছ, কুমড়া ফুলে নুয়ে পড়েছে লতা, লঞ্চ ঘাটের দৃশ্য, পাখি, নারীর মুখ, বৃষ্টিস্নাত এক মুহূর্ত, নবজাতকসহ প্রকৃতির নানা দৃশ্য।

শিল্পী জান্নাত কেয়ার আঁকা এসব ছবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে বুধবার থেকে শুরু হয়েছে ‘ঢেউ’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী।

বিকালে ছয় দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, “শিল্পীর সৃষ্ট চিত্রকর্ম আমাদের প্রণোদিত করার পাশাপাশি জাতীয় সাংস্কৃতিক বোধকে উন্নত করে। শিল্পীদের সৃজনকর্মে নতুন প্রজন্ম উজ্জীবিত হবে এটাই স্বাভাবিক। আমরা চাইব আমাদের শিল্পীরা আরও নতুন নতুন শিল্পকর্ম উপহার দিয়ে দেশের শিল্পাঙ্গনকে আরও সমৃদ্ধ করবে। একটি অসাম্প্রদায়িক সমাজ গড়তে শিল্পীদের সৃজনকর্ম বিশেষ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।”

প্রদর্শনীতে মোট ৩০টি চিত্রকর্ম রয়েছে। আগামী ৬ মার্চ পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী।