দ্রুত বিচারের দৃষ্টান্ত তৈরি হচ্ছে দেশে: আইনমন্ত্রী
রাজন-রাকিব হত্যা মামলার পর কুনিও হোশি হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির মাধ্যমে সারা দেশে দ্রুত বিচারের দৃষ্টান্ত তৈরি হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
জাপানি নাগরিক কুনিও হোশিকে হত্যার দায়ে নিষিদ্ধ জঙ্গি দল জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ জঙ্গির ফাঁসির রায়ের পর মঙ্গলবার সচিবালয়ের নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, “এটাও কিন্তু বাংলাদেশের ইতিহাসে দ্রুততম সময়ে একটা খুনের মামলা শেষ করার অত্যন্ত উজ্জ্বল উদাহরণ। যে গতি বিচারিক আদালতে এসেছে, এই গতি ধরে রাখলে নতুন করে মামলা জট হবে না।
“এ রকমভাবে আগে দেখেছেন, রাজন-রাকিব হত্যা মামলা অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে সকল আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিচারিক কাজ শেষ করেছিলাম।”
২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের আলুটারি গ্রামে কুনিও হোশিকে গুলি করে হত্যার দেড় বছরের মাথায় মঙ্গলবার রংপুরের বিশেষ জজ নরেশচন্দ্র সরকার চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।
কুনিও হোশির হত্যার দিনই মামলার পর ২০১৬ সালের ৩ জুলাই আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে ১৫ নভেম্বর অভিযোগ গঠন করা হয়। এর সাড়ে তিন মাসের মাথায় নিম্ন আদালতের রায়ে পাঁচজনের মৃত্যুদণ্ডের পাশাপাশি একজন খালাস পায়।
এর আগে ২০১৫ সালের মধ্যভাগে সিলেটে সামিউল আলম রাজন ও খুলনায় রাকিব হাওলাদার নামের দুই শিশুকে এক মাসের ব্যবধানে নির্যাতনের মাধ্যমে হত্যার ঘটনায় বছর না ঘুরতেই বিচার শেষ করে ছয় জনের সর্বোচ্চ সাজার রায় দেয় নিম্ন আদালত; বিভিন্ন মেয়াদে সাজা হয় আরও ছয়জনের।
কুনিও হোশি
তিনি বলেন, “আমরা আশা করি, এই মামলায় যে উদাহরণ সৃষ্টি হল, সেই উদাহরণের ধারাবাহিকতায় বিচারের বিলম্বের যে সংস্কৃতি ছিল, সেটা দূর হবে।”
দ্রুত বিচারে এই ফল কবে সাধারণ মানুষ পাবে- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, “সাধারণ মানুষের মামলা যাতে তাড়াতাড়ি শেষ হয়, আমরা সেটা নিশ্চিত করার জন্য এগুলোকে টেস্ট কেইস হিসেবে ব্যবহার করছি।
“নজরদারিতে থাকলে দ্রুত মামলা শেষ করা যায়- এই বার্তা আমরা প্রসিকিউশন ও নিম্ন আদালতের কাছে পৌঁছে দিতে চাই।
আমরা আশা করি, বিলম্ব বিচার হওয়ার কারণে যে চিন্তা ছিল, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার পদক্ষেপ নেওয়া শুরু করেছি।”
‘জঙ্গিবাদের ধকল কাটিয়ে উঠেছে বাংলাদেশ’
মুক্তমনা লেখক-প্রকাশক ও বিদেশিসহ ভিন্ন মতের মানুষদের একের পর এক ‘টার্গেট কিলিংয়ের’ পর হলি আর্টিজানের মতো বড় ধরনের জঙ্গিবাদী হামলার ঘটনার ধাক্কা বাংলাদেশ সামলে উঠেছে বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক।
ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, “কুনিও হোশির ঘটনার পর আরও কিছু ঘটনা আমরা দেখেছি। তিনজন বিদেশির ঘটনা খুব তাড়াতাড়ি ঘটে। এরপর যখন আইন প্রয়োগকারী সংস্থা যখন ব্যবস্থা নিতে শুরু করে, তখন এই সব ঘটনা আস্তে আস্তে কমতে থাকে।
“হলি আর্টিজানের পরেও অনেকে বলেছে, বাংলাদেশ এই ধাক্কা সামলে উঠতে পারবে না। কিন্তু আমরা দেখেছি, ওই ঘটনার পরও বাংলাদেশ ওই ধকল সামলে উঠেছে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আপনারা দেখেছেন, বাংলাদেশ ইংল্যান্ড ক্রিকেট টিমের সঙ্গে খেলেছে। সেখানে কোনো সমস্যা হয় নাই। তারপরও কেন কানাডা তার হকি টিমকে আসতে দেয় নাই-সেটা আমি জানি না।
“বাইরের তারা সিদ্ধান্ত কিসের ভিত্তিতে নেন, সেটা আমাদের জানা নাই।”
অনলাইন অ্যাক্টিভিস্ট, ব্লগার, প্রগতিশীল শিক্ষক, হিন্দু ও বৌদ্ধ ধর্মীয় গুরুসহ ভিন্ন মতের মানুষদের একের পর এক কুপিয়ে হত্যার মধ্যে গুলশানে ইতালীয় চেজারে তাভেল্লা ও রংপুরে জাপানি কুনিও হোশিকে গুলি করে হত্যার ঘটনা ঘটে।
এসব ঘটনায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ বাংলাদেশ ভ্রমণে তাদের নাগরিকদের বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দিয়ে রেড অ্যালার্ট জারির মধ্যে বাংলাদেশে একটি সফর বাতিল করে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
তবে নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যে সফর পেছানোর কথা ভাবলেও শেষ পর্যন্ত নির্বিঘ্নেই বাংলাদেশে খেলে যায় ইংল্যান্ড ক্রিকেট দল।
