২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালবাগে দগ্ধ একজন মারা গেলেন

পুরান ঢাকার লালবাগে শনিবার একটি খাবারের দোকানে ‘বিস্ফোরণ’ থেকে লাগা আগুনে দগ্ধ নয়জনের মধ্যে আবুল বাশার (৪৫)নামের একজন মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2017, 10:12 PM

Updated : 11 Apr 2022, 11:05 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই  বাচ্চু মিয়া সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রিক্সাচালক বাশার আইসিইউতে ভর্তি ছিলেন।

“রাত আটটায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।”

তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।

রিক্সাচালক আবুল বাশারের বাড়ি ফরিদপুরের ভাঙ্গায়।

বাশারের ভাগিনা আব্দুল আলিম জানান, তিনমাস ধরে ঢাকায় রিক্সা চালাচ্ছিলেন তার মামা। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।  বাশার থাকতেন লালবাগের শহিদ নগরের ১০ নম্বর গলিতে।

শনিবার বিকালে লালবাগ চৌরাস্তা মোড়ে ‘মিঠাই স্বাদ’ নামের দোকানে আগুন লেগে দগ্ধ হন নয়জন।

গ্যা স সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ড বলে পুলিশ প্রথমে ধারণা করলেও ফায়ার সার্ভিস বলছে, ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

এসআই বাচ্চু মিয়া জানান, প্রথম দিনই দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। ভর্তি সাতজনের মধ্যে আশঙ্কাজনক অবস্থা ছিল পাঁচজনের। তার মধ্যে একজন সোমবার একজন মারা গেলেন।

বর্তমানে যারা চিকিৎসাধীন তারা হলেন- সাব্বির (২২), মকবুল হোসেন (৩৫), সবুজ (২০), মারুফ হোসেন (২০), ফারজানা আক্তার পান্না (২৮), সোনাম উদ্দিন (৫০)।