২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এমপি খুনের কিনারা দুই মাসে, অভিজিতের হয় না দুই বছরেও’

হত‌্যাকাণ্ডের বার্ষিকীতে অভিজিৎ রায়কে স্মরণের অনুষ্ঠানে এখনও এই লেখক খুনের বিচার না হওয়ায় ক্ষোভ ঝরেছে সবার কণ্ঠে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2017, 10:57 PM

Updated : 11 Oct 2022, 01:31 PM

পুরনো খবর:

অভিজিৎ হত্যার অভিযোগপত্র ‘৫ পলাতকে আটকে’

রোববার ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ আয়েজিত এই প্রতিবাদী কর্মসূচিতে হত‌্যাকাণ্ডে সময়ে সরকারের নিষ্ক্রিয়তার পাশাপাশি এখন মৌলবাদীদের কাছে নতজানু হওয়ার সমালোচনাও হয়।

সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, “সাংসদ লিটন খুনের দুই মাসের ভেতরে যদি একটি ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন সম্ভব হয়, তবে কেন ত্রিস্তর নিরাপত্তা বলয়ের মধ্যে অভিজিৎ হত্যাকাণ্ডের প্রতিবেদন দুই বছরেও দাখিল করা সম্ভব হয় না?

“কে আপনাদের (সরকার) বাধা দিচ্ছে? কাদের ইন্ধনে আপনারা হাত গুটিয়ে বসে আছেন? যে আন্তরিকতা আপনারা সাংসদ খুন হলে দেখাতে পারেন, একই আন্তরিকতা কেন ব্লগারদের ক্ষেত্রে দেখাতে পারেন না?”

কর্মসূচিতে যোগ দিয়ে অভিজিতের বাবা অধ‌্যাপক অজয় রায় বলেন, “আমাকে আশ্বাস দেওয়া হয়েছে, খুব শিগগিরই অভিজিৎ হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।

“আমি আশা করছি, তারা কথার বরখেলাপ করবেন না। একইসাথে দাবি জানাচ্ছি কেবল অভিজিৎ নয়, সকল হত্যাকাণ্ডের বিচার যেন অতি দ্রুত সম্পন্ন করা হয়।”

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ২০১৩ গণজাগরণ আন্দোলন শুরুর পর আন্দোলনকারীদের ‘নাস্তিক’ আখ‌্যায়িত করে মাঠে নামে হেফাজতে ইসলামের ব‌্যানারের ইসলামী সংগঠনগুলো।

এরপর একের পর এক ব্লগার ও অনলাইন অ‌্যাক্টিভিস্ট খুন হতে থাকেন। তার ধারাবাহ্কিতায় ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার সময় ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের টিএসসি এলাকায় খুন হন প্রবাসী লেখক অভিজিৎ।

Image
মোমের আলোয় স্মরণ মুক্তমনাদের। অভিজিৎ রায় হত্যাতকাণ্ডের দ্বিতীয় বার্ষিকীতে রোববার সন্ধ্যায় শাহবাগে গণজাগরণ মঞ্চ এই কর্মসূচি পালন করে।

মোমের আলোয় স্মরণ মুক্তমনাদের। অভিজিৎ রায় হত্যাতকাণ্ডের দ্বিতীয় বার্ষিকীতে রোববার সন্ধ্যায় শাহবাগে গণজাগরণ মঞ্চ এই কর্মসূচি পালন করে।

এভাবে হত‌্যাকাণ্ডের জন‌্য সরকারকেই দায়ী করেন ইমরান সরকার, যার শ্বশুরও বর্তমান সরকারের একজন মন্ত্রী এবং ক্ষমতাসীন দলের নেতা।

ইমরান বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন রাজীব হায়দার শোভন ও অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের পেছনে একই ব্যক্তির হাত রয়েছে। অথচ রাজীব হত্যার মূল কুশীলবকে জামিন দিয়ে রাতের আঁধারে পালানোর সুযোগ করে দেওয়া হয়েছিল। আমাদের মনে তাই প্রশ্ন জাগে, তাহলে কি অভিজিৎ রায়কে হত্যার জন্যই জামিন পেয়েছিল সেই খুনি?

“শত শত পুলিশ, গোয়েন্দা বাহিনীর সদস্যদের নাকের ডগায় এসে আপনাদের কোনো রকম মদদ ছাড়া জঙ্গিরা খুন করে গেল, এটি বিশ্বাসযোগ্য নয়।”

“অভিজিৎ রায়কে হত্যার দুই বছর অতিক্রান্ত হলো আজ। জেনে আশ্চর্য হবেন, এই দুই বছর সময়ে কেবল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখই অন্তত ১৬ বার পিছিয়েছে। বিচারে নেই কোনো দৃশ্যমান অগ্রগতি।”

এই হত‌্যাকাণ্ডগুলোর সময় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অনলাইন অ‌্যাক্টিভিস্ট ইমরান।

“একজন একজন করে ব্লগার খুন হয়েছেন আর সরকারের কর্তাব্যক্তিরা বলেছেন-আপনারা এটা লিখবেন, ওটা লিখবেন না। তারা দুইদিন পরপর বক্তব্য পরিবর্তন করেছেন।“

“যাদেরকে অভিযুক্ত হিসেবে দেখিয়েছেন তাদের গ্রেপ্তার করেননি। যারা গ্রেপ্তার হয়েছে, তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার প্রমাণ নেই বলে দাবি করেছেন। সরকারের এই ইঁদুর-বেড়াল খেলার মাঝে একটি একটি করে ঝরে গেছে অনেকগুলো তাজা প্রাণ।”

জাতীয় জাদুঘরে সামনে বিকালে ‘মুক্তবুদ্ধি চর্চা ও সামাজিক ন্যায়বিচার : কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ? শীর্ষক আলোচনা সভা করে গণজাগরণ মঞ্চ। সেখানে অভিজিৎ রায়সহ নিহতদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আলোচনা শেষে শাহবাগ থেকে একটি আলোর মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি সংলগ্ন গেইটে যায়, যেখানে খুন হয়েছিলেন এই লেখক। সেখানে আলোক প্রজ্জ্বলন ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

Image
এই স্থানেই খুন হয়েছিলেন অভিজিৎ রায়। হত্যাকাণ্ডের দুই বছর পূর্তিতে রোববার সন্ধ্যায় মোমের আলোয় স্মরণ করা হয় এই মুক্তমনা লেখককে।

এই স্থানেই খুন হয়েছিলেন অভিজিৎ রায়। হত্যাকাণ্ডের দুই বছর পূর্তিতে রোববার সন্ধ্যায় মোমের আলোয় স্মরণ করা হয় এই মুক্তমনা লেখককে।

আলোচনায় অধ্যাপক অজয় রায় বলেন, “আমি কেবল অভিজিৎ নয়, প্রথিতযশা লেখক হুমায়ুন আজাদ থেকে শুরু করে মৌলবাদীদের হাতে নিহত সকল মানুষকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।”

অভিজিৎ হত‌্যাকাণ্ডের পর গত বছর গুলশানের ক‌্যাফেতে বিদেশিদের উপর হামলার আগ পর্যন্ত অনেকগুলো হত‌্যাকাণ্ড ঘটে, যেগুলোর পেছনে জঙ্গিরা ছিল বলে পুলিশের অনুসন্ধানে বেরিয়ে আসে।

চার বছর আগে যারা গণজাগরণের বিরোধিতায় নেমেছিল, তাদের কথা ‘মেনে’ পাঠ‌্যপুস্তক সংস্কারের সমালোচনাও ওঠে এই সভা থেকে।

ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের অধ‌্যাপক অজয় রায় বলেন, “এখন হেফাজতে ইসলাম নামে একটি সংগঠনের নাম শোনা যায়, যারা দায়িত্ব নিয়েছে বাংলাদেশকে পাকিস্তানের মতো রাষ্ট্রে পরিণত করতে সব রকম আয়োজনের।

“তাদের কথামতো আমাদের সরকারও এরই মাঝে পাঠ্যপুস্তকেও পরিবর্তন এনেছেন। কিন্তু আমি মনে করিয়ে দিতে চাই তাদের এই স্বপ্ন পূর্ণতা পাওয়ার কোনো সম্ভাবনা নেই।“

Image
ছেলে অভিজিৎ রায় হত্যাকাণ্ডের দুই বছর পূর্তিতে বিচারের দাবি তুলে রোববার শাহবাগে গণজাগরণ মঞ্চের প্রতিবাদী কর্মসূচিতে অধ্যাপক অজয় রায়।

ছেলে অভিজিৎ রায় হত্যাকাণ্ডের দুই বছর পূর্তিতে বিচারের দাবি তুলে রোববার শাহবাগে গণজাগরণ মঞ্চের প্রতিবাদী কর্মসূচিতে অধ্যাপক অজয় রায়।

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, আমার ইচ্ছে করে শাহবাগে ছুটে যেতে। কিন্তু আমরা আশ্চর্য হয়ে যাই, আজ কাদের ইন্ধনে রাষ্ট্র হেফাজতের প্রতি এমন নতজানু আচরণ করছে?

“আমরা বিএনপিকে বলতে চাই, আপনারা জামায়াত ছাড়েন; আর সরকারকেও বলতে চাই, মুক্তিযুদ্ধের বাংলাদেশের স্বার্থে আপনারাও হেফাজতকে ছাড়েন।”

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, অধিকারকর্মী খুশি কবির, গণজাগরণের নিহত কর্মী রাজীব হায়দারের বাবা ডা. নাজিমুদ্দিন, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদ বিরোধী মঞ্চের সদস্য সচিব নূর মোহাম্মদ তালুকদার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শম্পা বসু, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইমরান হাবিব রুমন, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ, মঞ্চের সংগঠক মারুফ রসূলও বক্তব‌্য রাখেন।