কুড়িলে ঘরে আগুন, ধোঁয়ায় কিশোরের মৃত্যু
রাজধানীর কুড়িল বিশ্বরোডের কুড়াতলি এলাকায় একটি টিনশেড ঘরে আগুনের ধোঁয়ায় এক কিশোরের মৃত্যু হয়েছে।
এই ঘটনায় আহত হয়ে আশঙ্কজনক অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন ওই কিশোরের বাবা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো.বাচ্চু মিয়া জানান,রোববার বিকাল সাড়ে ৪টার দিকে নয়ন (১৫) ও তার বাবা শাহজাহান আলীকে (৬৫) অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা নয়নকে মৃত ঘোষণা করেন।
কুর্মিটোলা ফায়ার স্টেশনের কর্মকর্তা আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুড়াতলিতে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নেভায়। আগুনের ধোঁয়ায় দুজন আহত হন।
চিকিৎসকের বরাত দিয়ে এসআই বাচ্চু বলেন,নয়ন ও শাহজাহানের শরীরে পোড়ার কোনো চিহ্ন নেই। ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে নয়নের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
