২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গ্রেট ইন্টেলেকচুয়াল ফ্রড’

গাইবান্ধার পুলিশ সুপারকে খাগড়াছড়ি বদলি করার নির্দেশকে ভাবের ঘরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চুরি হিসেবে দেখছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2017, 06:21 PM

Updated : 11 Oct 2022, 01:31 PM

রোববার ঢাকার কারওয়ান বাজারে এক অনুষ্ঠানে সমতল ও পার্বত্য চট্টগ্রামে ‘মানবাধিকার লঙ্ঘনের শিকার আদিবাসী’ প্রতিনিধিদের সামনে তিনি বলেন, “রাষ্ট্র ভাবে, জনসাধারণ হচ্ছে বোকা, নির্বোধ, আমরা কিছুই বুঝি না। এটা হচ্ছে গ্রেট ইন্টেলেকচুয়াল ফ্রড।”

গোবিন্দগঞ্জে চিনিকলের বিরোধপূর্ণ জমি থেকে উচ্ছেদের সময় সাঁওতালদের ঘরে পুলিশ সদস‌্যদের আগুন দেওয়ার প্রসঙ্গ টেনে মিজানুর রহমান বলেন, “যার নির্দেশে ও দায়িত্বে রাষ্ট্রের প্রতিভূ পুলিশরা একজন নাগরিকের গৃহে অগ্নিসংযোগ করে, তাকে শাস্তি হিসেবে বদলি করা হচ্ছে!

“আমার চাকরি যদি বদলির চাকরি হয়, তাহলে আমাকে বদলি করা শাস্তি হল কীভাবে,” প্রশ্ন করেন তিনি।

গতবছর ৬ নভেম্বর উচ্ছেদের সময় তিন সাঁওতাল নিহত হলে সারা দেশে প্রতিবাদ হয়। ঘটনার প্রায় এক মাস পর সামাজিক যোগাযোগের মাধ্যমে আসা একটি ভিডিওতে পুলিশ সদস‌্যদের নিজে হাতে সাঁওতালদের ঘরে আগুন লাগাতে দেখা গেলে হাই কোর্ট তদন্তের নির্দেশ দেয়।

তদন্ত শেষে গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম আগুন লাগানোর ঘটনায় পুলিশ সদস‌্যদের জড়িত থাকার কথা জানিয়ে প্রতিবেদন দেন। কিন্তু পুলিশ পুশাসন ওই দিন দায়িত্বে থাকা সদস‌্যদের তালিকা সরবরাহ না করায় পুলিশ সুপারসহ সেদিন ঘটনাস্থলে দায়িত্বরত সব পুলিশ সদস‌্যকে প্রত‌্যাহারের নির্দেশ দেয় হাই কোর্ট।

আদালতের ওই নির্দেশনার আগেই ৩১ ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জের সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনকে তার বাড়িতে গুলি করে হত‌্যা করা হয়। ওই ঘটনা নিয়েও প্রশ্নের মুখে পড়ে গাইবান্ধার পুলিশ। 

এরপর গত ২৩ ফেব্রুয়ারি পুলিশ সুপার মো. আশরাফুল ইসলামকে খাগড়াছড়িতে বদলি করার কথা জানানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। পাশাপাশি গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমারকে দিনাজপুরে বদলি করা হয়।

মন্ত্রণালয়ের ওই পদক্ষেপকে ‘লোক দেখানো নির্দেশ’ আখ‌্যায়িত করে মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর বলেন, “ন্যায়বিচারের কথা বলে নামকওয়াস্তে বিচার করে বদলি করে দেখালাম যে বিচার করেছি। মানুষ কিন্তু এত বোকা নয়।”

‘সংখ্যালঘুদের উপর হামলার’ অভিযোগ যার বিরুদ্ধে, সেই পুলিশ কর্মকর্তাকে ‘আরেকটি সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়’ বদলির সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে অনুষ্ঠানে প্রশ্ন তোলেন বাংলাদেশে আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং।

তিনি বলেন, “দুই দিন আগে এসপিকে বদলি করা হল। কোথায়? খাগড়াছড়িতে! এটা মানবাধিকার লঙ্ঘনের বিচার হল কীভাবে?”

মিজানুর রহমান বলেন, “রাষ্ট্র মানুষের সাথে প্রতারণামূলক আচরণ করতে পারে না। ওই রাষ্ট্র কখনো জনগণের রাষ্ট্র হতে পারে না।”

কাপেং ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানে ‘বাংলাদেশের আদিবাসীদের মানবাধিকার রিপোর্ট ২০১৬’ এর মোড়ক উন্মোচন করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে সমতল ও পার্বত্য চট্টগ্রামে ভূমি দখলকারীদের ‘আগ্রাসন’ বৃদ্ধি পেয়েছে। বেড়েছে ভূমি জবরদখল, অগ্নিসংযোগ, মিথ্যা মামলা দায়ের ও হয়রানি, শারীরিক হামলা, পাহাড়ের নারীদের ওপর যৌন হয়রানি ও খুন।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা অনুষ্ঠানে তাদের এবারের প্রতিবেদনের মূল অংশ তুলে ধরেন। ফাউন্ডেশনের চেয়ারপারসন রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে মানবাধিকার কর্মী খুশী কবীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।