কবিতার প্রতিও ‘দারুণ ঝোঁক’
‘তোমাদের আনন্দযজ্ঞে আমার দুই-একটি কবিতার পঙক্তি সঙ্গী হতে পারে?’- কবি মাহবুব আজীজের এই জিজ্ঞাসার জবাব বইমেলায় মিলছে বলে জানিয়েছেন প্রকাশকরা।
সব বয়সীদের মধ্যেই কবিতার প্রতি আগ্রহের কথা বলছেন পাঞ্জেরী পাবলিকেশন্সের মালিক কামরুল হাসান শায়ক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাঠকের চাহিদা অনুযায়ী আমরা তাদের পছন্দের কবিদের বই প্রকাশ করছি। এবার গল্প, উপন্যাস ও প্রবন্ধের পাশাপাশি কবিতার বইও দারুণ বিক্রি হচ্ছে। কবিতার প্রতি পাঠকের দারুণ ঝোঁক দেখছি। তরুণ থেকে বৃদ্ধ, অধিকাংশ পাঠক খুঁজেছেন কবিতার বই।”
কাকলী প্রকাশনীর মালিক এ কে নাসির আহমেদ সেলিমও একই কথা বললেন।
“কবিতার বইয়ের প্রতি সাহিত্যপ্রেমীদের ঝোঁক বরাবরই বেশি। বইমেলার শেষ সপ্তাহেই প্রকৃত পাঠকরা আসেন। তারা দেখে-বুঝে কিনে নিচ্ছেন তাদের পছন্দের কবিতার বইটি।”
বাংলা একাডেমির জনসংযোগ বিভাগের তথ্য অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত মেলায় এসেছে দুই হাজার ৯৭৩টি নতুন বই। এর মধ্যে ৯০৪টি কবিতার বই। কোনো এক ধরনের বইয়ের সংখ্যার বিচারে এটাই সবচেয়ে বেশি।
মেলায় আসা কবিতার বইয়ের মধ্যে পাঠকের আগ্রহে থাকা কয়েকটি বইয়ের কথা বলেছেন প্রকাশকরা-
মহাপৃথিবী: জীবনানন্দ দাশ
বেশকটি কবিতার বই এনেছে প্রকাশনা সংস্থা প্রতীক। তার মধ্যে জীবনানন্দ দাশের চতুর্থ কাব্যগ্রন্থ ‘মহাপৃথিবী’র পুনঃসংস্কৃরণকে ‘বিশেষভাবে তাৎপর্যপূর্ণ’ বলছেন প্রকাশক নূর ই মোনতাকিম বিল্লাহ।
“কারণ কবি যে তার ‘বনলতা সেন’কে নিয়ে সব কবিতা এই গ্রন্থেই অন্তর্ভুক্ত করেছিলেন।”
‘মহাপৃথিবী’র নতুন এই সংস্করণে জীবনানন্দ দাশের মৃত্যু পরবর্তীকালে সংযোজিত কবিতাগুলো রেখেছেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। জীবনানন্দ দাশের বানানরীতি, যতি চিহ্নের প্রয়োগ অবিকল রাখার চেষ্টা করে হয়েছে এই সংকলনে।
নির্বাচিত কবিতা: আবদুল মান্নান সৈয়দ
সময় প্রকাশনী থেকে আসা সাতটি কবিতার বইয়ের মধ্যে আবদুল মান্নান সৈয়দের ‘নির্বাচিত কবিতা’কে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন প্রকাশক ফরিদ আহমেদ।
কবিতায় স্বতন্ত্র ও সম্পন্ন এক পরাবাস্তব জীবন নির্মাণ করেছেন আবদুল মান্নান সৈয়দ।
বাতাসের বৈঠা: কাজী রোজী
ইত্যাদি প্রকাশনীর মালিক আদিত্য অন্তর জানান, তাদের নতুন কবিতার বইগুলোর মধ্যে পাঠকনন্দিত হয়েছে কবি কাজী রোজীর ‘বাতাসের বৈঠা’ কাব্যগ্রন্থটি।
সংসদ সদস্য কাজী রোজী কবিতায় ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের শহীদদের কথা বলেছেন, বলেছেন বঙ্গবন্ধুর কথা।
রবীন্দ্রবন্দনা: সম্পাদনায় মানববর্দ্ধন পাল ও জামিল ফোরকান
অক্ষর প্রকাশনীর মালিক মো. আমিন খান জানান, তাদের প্রকাশনী থেকে আসা মানববর্দ্ধন পাল ও জামিল ফোরকানের সম্পাদনায় ‘রবীন্দ্রবন্দনা’ বইটি বেশ আলোচিত হয়েছে।
বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা মিলিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিবেদিত কবিতাগুলো তুলে আনা হয়েছে বইটিতে।
প্রকৃতি প্রেম ও বিরহের কবিতা: আল মাহমুদ
একুশে বাংলা প্রকাশনী থেকে আসা কবিতার বইগুলোর মধ্যে বিক্রির শীর্ষে রয়েছে কবি আল মাহমুদের ‘প্রকৃতি প্রেম ও বিরহের কবিতা’।
আধুনিক বাংলা কবিতায় ত্রিশ দশকের প্রবণতার মধ্য দিয়ে ভাটি বাংলার জনজীবন, গ্রামীন দৃশ্যপট, নদীনির্ভর জনপদ, চরাঞ্চলে কর্মমুখর জীবনচাঞ্চল্য ও নর-নারীর চিরন্তন প্রেম-বিরহের বিষয়কে উপজীব্য করেছেন আল মাহমুদ।
নিঃসঙ্গতার মতো একা: মাহবুব আজীজ
কথাপ্রকাশ প্রকাশনীর পাঁচটি কবিতার বইয়ের মধ্য আলোচিত হয়েছে কবি মাহবুব আজীজের ‘নিঃসঙ্গতার মতো একা’।
বড় নীরবতাকাঙ্ক্ষী এই কবি কল্পনা, প্রতীক, দৃশ্যকল্পে বাস্তবতা ও পরাবাস্তবতার হাত ধরে কবিতার মধ্যে সঞ্চার করেন নানা অনুভব ও প্রশ্নমালা।
ক্রিস্টিয়ান কার্লসনের কবিতা ও সাত দেশের কবিতা: মুহাম্মদ সামাদ
জার্নিম্যান বুকস থেকে প্রকাশিত হয়েছে ‘ক্রিস্টিয়ান কার্লসনের কবিতা’ ও ‘সাত দেশের কবিতা’ শিরোনামে দুটি অনুবাদ কাব্যগ্রন্থ।
সুইডেনের কবি-অনুবাদক ক্রিস্টিয়ান কার্লসনের বেশ কয়েকটি ইংরেজি কবিতার অনুবাদ নিয়ে প্রকাশিত হয়েছে কাব্যগ্রন্থ ‘ক্রিস্টিয়ান কার্লসনের কবিতা’। মুহাম্মদ সামাদের সঙ্গে কবিতাগুলো যৌথভাবে অনুবাদ করেছেন আনিসুর রহমান। এছাড়া মুহাম্মদ সামাদের অনুবাদে ‘সাত দেশের কবিতা’ নামেও একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। চীন, জর্জিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভিয়েতনামের কবিদের আলোচিত কবিতাগুলো পাওয়া যাবে এই কাব্যগ্রন্থে।
নক্ষত্র জানে না কক্ষপথ কত দূরে: সৌরভ সিকদার
মাওলা ব্রাদার্সের ব্যবস্থাপক অনুপ দত্ত জানান, তাদের নতুন কাব্যগুলোর মধ্যে সৌরভ সিকদারের ‘নক্ষত্র জানে না কক্ষপথ কত দূরে’ বইটি আলোচনায় রয়েছে।
কবি নাগরিক কোলাহল থেকে বের করে পাঠককে নিয়ে যান তার একান্ত আপন ভুবনে, যেখানে অন্তহীন জিজ্ঞাসা ‘মানুষের অন্য নাম কী নক্ষত্র? তার কি বাড়ি আছে?’। পাওয়া, না পাওয়ার হিসেব চুকাতে বসে কবি সৌরভ সিকদার নিজের কথাগুলোই সাজিয়েছেন পঙক্তিমালায়।
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বইমেলায় বিডিনিউজ টোয়েন্টিফোর পাবলিশিং লিমিটেডের (বিপিএল) স্টলে বই দেখছেন একদল পাঠক।
চলচ্চিত্র অভিনেত্রী কবরীর জীবনকথা ‘স্মৃতিটুকু থাক’ শুক্রবার বইমেলায় আসতেই বিপিএলের স্টলে দেখা যায় ভিড়।
বেঙ্গল ফাউন্ডেশনের কর্মকর্তা নন্দিতা বইটি কিনে বলেন, “দারুণ এই বইয়ের লোভ সামলানো দায়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর পাবলিশিং লিমিটেড (বিপিএল) থেকে এবার বইমেলায় আসা ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইসলাম’ নিয়ে মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদের বইটিও সাড়া ফেলেছে।
শুক্রবার বইটি কিনে নিয়ে ডেমরার মারকাজুল হিকমার শিক্ষক মাওলানা মাসুদ ও হাফিজ মো. মোনাব্বির জানালেন, এই বইতে অজানা প্রশ্নের উত্তর খুঁজবেন তারা।
বিপিএল থেকে এদিন মেলায় আসা ‘প্রীত রেজার মুখোমুখি; আলোকচিত্রের ষোল দিকপাল’ বইটির প্রতি বেশ আগ্রহ দেখা গেছে।
দৃকের কর্মকর্তা সুরবি প্রত্যয়ী জানান, আলোকচিত্র নিয়ে জানা-বোঝার পাঠ চুকাতেই বইটি কিনেছেন তিনি।
ভ্রমণপিপাসুদের অনেকে কিনে নেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান আলোকচিত্রী মুস্তাফিজ মামুনের ‘বনে বেড়াই’ শিরোনামের ভ্রমণকাহিনি সংকলন।
বইটি কিনে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ন ম আমিনুর রহমান বলেন, “ছুটি পেলেই ঘুরতে যাই। মামুনের ছবিগুলো বিডিনিউজে দেখি। ওর দারুণ ছবির সংকলনটি মেলায় এসেই কিনে নিলাম।”
খালেকুজ্জামান ইলিয়াসের অনুবাদগ্রন্থ ‘স্যার জেমস জর্জ ফ্রেজারের গোল্ডেন বাউ’ও বেশ বিক্রি হওয়ার কথা জানিয়েছেন স্টলকর্মীরা।
আর রবীন্দ্রপ্রেমী তরুণ-মধ্যবয়সী পাঠকের আগ্রহে ছিল হায়াৎ মামুদের অনুবাদগ্রন্থ ‘রবীন্দ্রনাথ ঠাকুর: হুমায়ূন কবির’।
শিশুপ্রহরে নানা আয়োজন
শুক্রবার সকাল ১০টায় গ্রন্থমেলার মূলমঞ্চে শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
প্রতিযোগিতায় ক-শাখায় প্রথম হয়েছেন মাহির আবিদ অক্ষ, দ্বিতীয় হয়েছেন সিনাতা আহ্মেদ (রিসা) এবং তৃতীয় হয়েছেন দিবা রানী দেব অর্পা। খ-শাখায় প্রথম হয়েছেন অনামিকা সরকার সোমা, দ্বিতীয় হয়েছেন মাশুক কায়সার ইভান এবং তৃতীয় হয়েছেন তানিশা জাহান নরিকা।
মূলমঞ্চের আয়োজন
বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘ব্যারিস্টার আবদুল রসুল: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন মামুন সিদ্দিকী। আলোচনায় অংশগ্রহণ করেন তাবেদার রসুল বকুল ও সুভাষ সিংহ রায়। সভাপতিত্ব করেন অধ্যাপক গোলাম কিবরিয়া ভূঁইয়া।
মামুন সিদ্দিকী বলেন, “বিশ শতকের প্রথম দুই দশক বাংলার সমাজ ও রাজনীতিতে আবদুল রসুল একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। হিন্দু-মুসলিম ঐক্য ও সম্প্রীতি, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রভাবনা, অর্থনৈতিক মুক্তি, স্বায়ত্তশাসন ইত্যাদি প্রসঙ্গে তার চিন্তাধারা ও ভাবাদর্শ বাঙালি সমাজকে বিপুলভাবে নাড়া দিয়েছিল।”
অধ্যাপক গোলাম কিবরিয়া ভূঁইয়া বলেন, “ব্যারিস্টার আবদুল রসুল একজন অসাম্প্রদায়িক-জাতীয়তাবাদী নেতা হিসেবে নিজের অনন্য ব্যক্তিত্ব গড়ে তুলেছিলেন। বঙ্গভঙ্গবিরোধী জনমত সংগঠনে তার ভূমিকা বাংলার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
