রমনায় বোমা হামলা: আপিলের শুনানি শেষ হচ্ছে ১৪ মার্চ
রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলায় মুফতি হান্নানসহ আসামিদের মৃত্যুদণ্ডের অনুমোদন (ডেথ রেফারেন্স), আপিল ও জেল আপিলের উপর হাই কোর্টে শুনানি আগামী ১৪ মার্চ শেষ হচ্ছে।
ওই দিন রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম চূড়ান্ত শুনানিতে অংশ নেবেন।
বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাই কোর্ট বেঞ্চ এই দিন ঠিক করে দেয়।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও মোহাম্মদ আলী।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই মামলায় উভয়পক্ষের শুনানি আগেই শেষ হয়েছে। আজ স্যারের (অ্যাটর্নি জেনারেল) চূড়ান্ত শুনানি করার দিন ধার্য ছিল। কিন্তু অন্য একটি গুরুত্বপূর্ণ মামলায় ব্যস্ত থাকায় উনার পক্ষে আমি দুই সপ্তাহ সময় চেয়ে আবেদন করি। আদালত ১৪ মার্চ সময় দিয়েছেন। আশা করছি, ওই দিন শুনানি শেষে আদালত রায়ের দিন ঠিক করে দিবেন।”
গত ৮ জানুয়ারি পেপারবুক (মামলার বৃত্তান্ত) উপস্থাপনের মধ্য দিয়ে এই শুনানি শুরু হয়।
এরপর আসামিদের ডেথ রেফারেন্সের সঙ্গে সাত জনের করা পৃথক ছয়টি আপিলেরও শুনানি শেষ হয়েছে। মুফতি হান্নান, আকবর হোসেন, সুমন, শাহদাতউল্লাহ ও আবু তাহের পৃথক আপিল করেছেন। শেখ ফরিদ ও মো. ইয়াহিয়া মিলে করেছিলেন একটি আপিল। এর সঙ্গে রয়েছে মুফতি হান্নান, আকবর হোসেন ও সুমনের জেল আপিল।
২০০১ সালে রাজধানীর রমনার বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে বোমা মেরে ১০ জনকে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের হত্যা মামলায় হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নানসহ ১৪ জঙ্গিকে আসামি করা হয়।
এই মামলায় ২০১৪ সালের ২৩ জুন ঢাকার দায়রা জজ রুহুল আমিন মুফতি হান্নানসহ আট জনের মৃত্যুদণ্ড ও ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।
মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত অন্যরা হলেন- আকবর হোসেন, আরিফ হাসান সুমন, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মাওলানা মো. তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, আবদুল হাই ও শফিকুর রহমান।
তাদের সঙ্গে শাহাদাতউল্লাহ জুয়েল, সাব্বির, শেখ ফরিদ, আব্দুর রউফ, ইয়াহিয়া ও আবু তাহেরকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়।
মামলার পেপারবুকের তথ্য অনুযায়ী, ১৪ আসামির মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি- তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, আবু বকর, শফিকুর রহমান ও আবদুল হাই এখনও পলাতক।
মামলার বিবরণীতে বলা হয়েছে, পহেলা বৈশাখের অনুষ্ঠান ‘ইসলামবিরোধী’ বিবেচনা করে ২০০১ সালের ১৪ এপ্রিল ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা চালিয়েছিলেন এই জঙ্গি সংগঠনটির নেতা-কর্মীরা।
এ ঘটনায় নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমল চন্দ্র চন্দ ওই দিনই রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। হত্যা মামলায় রায় ঘোষণা হলেও বিস্ফোরক মামলা বিচারাধীন।
বারবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন, সম্পূরক অভিযোগপত্র দাখিল, তাগিদ দেওয়ার পরও তদন্ত কর্মকর্তাদের আদালতে সাক্ষ্য দিতে না আসা ইত্যাদি কারণে মামলার বিচার শুরু হতে বিলম্ব হয়।
ঘটনার প্রায় আট বছর পর দুই মামলায় ১৪ জনকে আসামি করে ২০০৮ সালের ৩০ নভেম্বর ঢাকার মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
পরে বিচারের জন্য মামলা দুটি ২০০৯ সালের ১ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। ওই আদালতে একই বছরের ১৬ এপ্রিল পৃথকভাবে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলের সিদ্ধান্তে হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এ এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ পাঠানো হয়।
দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন অনুযায়ী, ১৩৫ কার্যদিবসে বিচার শেষ না হওয়ায় হত্যা মামলা দায়রা আদালতে ফেরত যায়। ফলে হত্যা মামলাটি আবার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা আদালতে স্থানান্তর হয়।
২০১৩ সালের ২৩ অক্টোবর রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্য শেষ হয়। এরপর ২০১৩ সালের ১০ নভেম্বর আসামিরা আত্মপক্ষ সমর্থন করে ফৌজদারি কার্য়বিধির ৩৪২ ধারায় জবানবন্দি দেন।
মামলার নথিতে ৮৪ জন সাক্ষীর নাম উল্লেখ থাকলেও রাষ্ট্রপক্ষে মোট ৬১ জন সাক্ষ্য দেন।
