বঙ্গবন্ধু বিমানবন্দরের স্থান নির্ধারণে সংক্ষিপ্ত তালিকার কাজ চলছে
প্রস্তাবিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের স্থান নির্ধারণের জন্য সংক্ষিপ্ত তালিকা তৈরির কাজ চলছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন।
জাতীয় সংসদে বুধবার প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরে গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে একথা জানানো হয়।
শেখ হাসিনা বলেন, “ঢাকাকে প্রাচ্য ও পাশ্চাত্যের বিমান চলাচলের হাব হিসেবে গড়ে তোলার জন্য এই বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।”
প্রকল্পের বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা চালানোর জন্য গত বছরের ২১ সেপ্টেম্বর জাপানি পরামর্শক প্রতিষ্ঠান নিপ্পন কই কোম্পানির সঙ্গে চুক্তি সইয়ের কথা জানিয়ে তিনি বলেন, ১ অক্টোবর থেকে তারা কাজ শুরু করে।
“বর্তমানে সাইট সার্ভে কাজ সম্পাদনপূর্বক প্রাথমিক পর্যায়ে সাইট সিলেকশনের জন্য সংক্ষিপ্ত তালিকা প্রস্তুতের কাজ চলছে।”
এ্ বিমানবন্দরের জন্য প্রথমে মুন্সীগঞ্জের আড়িয়ল বিল এলাকা বাছাই করা হয়েছিল। তবে স্থানীয়দের বিরোধিতার মুখে পিছু হটে সরকার।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপনের জন্য বাগেরহাটে খান জাহান আলী বিমান বন্দর নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী, যার ভূমি অধিগ্রহণের কাজ এখন চলছে।
আরেক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ পোশাক রপ্তানিতে বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, চীন, ভারত ইত্যাদি দেশে শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকে।
বাংলাদেশে বর্তমানে ৩১৮টি ফায়ার স্টেশন চালু আছে বলেও সংসদে জানান প্রধানমন্ত্রী। এসব স্টেশনে জনবলের সংখ্যা আট হাজার ৫০০।
সরকার ফায়ার সার্ভিসের উন্নয়নে একাধিক প্রকল্প গ্রহণ করেছে জানিয়ে তিনি বলেন, তা বাস্তবায়িত হলে স্টেশনের সংখ্যা ৫৫২টি এবং জনবলের সংখ্যা দাঁড়াবে ১৫ হাজারে।
নারীর ক্ষমতায়নে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরতে গিয়ে শেখ হাসিনা বলেন, মন্ত্রিসভায় মোট ৫ জন নারী আছেন। প্রশাসনে বর্তমানে দুজন জ্যেষ্ঠ সচিব, সাতজন সচিব ও ৭৮ জন অতিরিক্ত সচিব নারী। নির্বাচন কমিশনে এই প্রথম একজন নারী কমিশনার হয়েছেন।
