নিউ মার্কেটে হকারের ছুরিতে হকার খুন
রাজধানীর নিউ মার্কেট এলাকায় এক হকারের ছুরিকাঘাতে নিহত হয়েছেন আরেক হকার।
বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে চাঁদনীচকের কাছে এ ঘটনা ঘটে বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান।
নিহত হকারের নাম খোকন মোল্লা, বয়স ৩২ বছর। এ ঘটনায় বাবুল ব্যাপারী নামে আরেক হকার আহত হয়েছেন, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খোকন মোল্লার সহকর্মীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাহাব উদ্দিন নামে আরেক হকার নিউ মার্কেট এলাকায় ওই দুইজনকে ছুরিকাঘাত করেন। পরে অন্যরা দুইজনকে হাসপাতালে নিয়ে আসেন।
দুজনের মধ্যে খোকনকে বিকাল পৌনে ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে বাচ্চু মিয়া জানান।
নিউ মার্কেট থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘পূর্বশত্রুতার জেরে’ এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, কয়েকদিন আগে সাহাব উদ্দিনের এক বন্ধুকে মারধর করেন খোকন মোল্লা।
“এরই জের ধরে সাহাব উদ্দিন কয়েকজন সহযোগীসহ তার কাছে এসে আজ মারার কারণ জানতে চায়। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে দুইজনকে ছুরিকাঘাত করেন সাহাব উদ্দিন।”
এদিকে বাবুল ব্যাপারীর ভাই লোকমান ব্যাপারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “চাঁদনী চক মার্কেটের ছাদে নিয়মিত মাদকের আড্ডা বসে। এ নিয়ে তিন দিন আগে সালিশও বসেছিল। ওই বিচারে খোকনের ভূমিকা থাকার কারণে আজ এ ঘটনা ঘটিয়েছে।”
হানিফ, সোহেলসহ আরও কয়েকজন হামলার সময় সাহাব উদ্দিনের সঙ্গে ছিল বলে জানান লোকমান।
