২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের পেছাল অভিজিৎ হত্যার তদন্ত প্রতিবেদন

লেখক অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পিছিয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2017, 04:46 PM

Updated : 19 Aug 2022, 03:49 PM

বুধবার প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তদন্ত কর্মকর্তা তা না পারায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত ২৭ মার্চ নতুন তারিখ ঠিক করে দেয়।

এ নিয়ে ১৬ বার এ মামলার তদন্ত প্রতিবেদন পেছাল বলে আদালত পুলিশের এসআই মাহমুদুর রহমান জানান।

তিনি বলেন, বুধবার ধার্য দিনে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক ফজলুর রহমান তদন্ত প্রতিবেদন না দেওয়ায় মহানগর হাকিম খুরশিদ আলম প্রতিবেদন জমার নতুন তারিখ ঠিক করে দেন।

দুই বছর আগে একুশে বইমেলা চলাকালেই বইমেলা থেকে মাত্র কয়েকশ গজ দূরে ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের টিএসসির কাছে ফুটপাতে কুপিয়ে হত‌্যা করা হয় অভিজিৎ রায়কে।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে স্ত্রী বন‌্যা আহমেদকে সঙ্গে নিয়ে মেলা থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই আক্রান্ত হন অভিজিত; বন্যাও হামলার শিকার হয়ে একটি আঙুল হারান।

অধ্যাপক অজয় রায়ের ছেলে মুক্তমনা ব্লগসাইট পরিচালনাকারী অভিজিৎ থাকতেন যুক্তরাষ্ট্রে। লেখালেখির কারণে জঙ্গিদের হুমকিতে থাকার মধ্যেও গত বছর বইমেলার সময় স্ত্রীকে নিয়ে বাংলাদেশে এসেছিলেন তিনি।

অভিজিতের বাবা ওই ঘটনার পর শাহবাগ থানায় যে মামলা করেছেন, তাতে এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

পুরনো খবর:

অভিজিৎ হত্যার প্রতিবেদন শিগগিরই: ডিএমপি কমিশনার