মাতুয়াইলে রেস্তোরাঁয় আগুন, দগ্ধ ৫
ঢাকার মাতুয়াইলে একটি রেস্তোরাঁর গ্যাস লাইনের ছিদ্র থেকে আগুন লেগে পাঁচজন দগ্ধ হয়েছেন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বেলাল আহমেদ জানান, বুধবার সকাল ৮টার দিকে কোনাপাড়া এলাকার ‘রেড চিলি চায়নিজ রেস্তোরাঁয়’ এ ঘটনা ঘটে।
“সাততলা ভবনের দ্বিতীয় তলায় ওই রেস্তোরাঁয় গ্যাসলাইনের ছিদ্র থেকে এ দুর্ঘটনা ঘটে। সেখানে কোনো গ্যাস সিলিন্ডার ছিল না। আগুন স্থানীয়রাই নিভিয়ে ফেলে।”
দগ্ধ পাঁচ রেস্তোরাঁকর্মী ফারুক হোসেন (৪২), মো. চাঁন মিয়া (৩৫), মো. হারুন (৫০), বিল্লাল হোসেন (৫০) ও খেলানিকে (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেডিকেল ফাঁড়ি পুলিশের এসআই বাচ্চু মিয়া জানান, আহতদের মধ্যে ফারুক হোসেনের শরীরের ৬৬ শতাংশ এবং চাঁন মিয়ার শরীরের ৫৭ শতাংশ পুড়ে গেছে।
বাকি তিনজনের অবস্থা ‘অত গুরুতর নয়’ বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন বাচ্চু।
