২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এদিন বইমেলায় না এলে মন ভরে না’

বইমেলায় আগেও এসেছিলেন ফরিদা আক্তার সিদ্দিকা, একুশের দিনও এলেন; কারণ কী? “এদিন মেলায় না এলে যেন মন ভরে না”- উত্তর আসে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক এই কর্মকর্তার।

জয়ন্ত সাহা

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2017, 10:50 PM

Updated : 11 Oct 2022, 01:30 PM

পুরনো খবর:

‘এ দিন আমার ভায়েরা আমায় বেঁধেছে রক্তঋণে’

অমর একুশকে নিয়ে যে মেলার আয়োজন, সেই একুশের দিনে বইমেলায় ছিলেন এমন হাজারো ফরিদা; আর তাদের পদভারে মঙ্গলবার দিনভর মুখর ছিল বইমেলা।

এদিন কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে প্রায় সবারই গন্তব্য হয়ে দাঁড়ায় বাংলা একাডেমির বইমেলা। দুপুর গড়াতে সেই জনস্রোতে বাংলা একাডেমিমুখো সড়ক হয়ে উঠেছিল জনসমুদ্র।

ঢোকার লাইন একদিকে ছাড়িয়ে যায় শাহবাগ, অন্য দিকে পেঁচিয়ে যায় দোয়েল চত্বরে। কেউ আসেন বন্ধুদের নিয়ে দল বেঁধে, কেউবা সপরিবারে।

প্রথম প্রহরে নারায়ণগঞ্জের জেসমিন খান আসেন মেয়ে এশা ও মুনকে নিয়ে। তিনি জানান, চাষাঢ়া শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তারা এসেছেন বইমেলায়।

ফরিদার মতোই জেসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকের দিনে মেলার তাৎপর্যই অন্যরকম।”

রাজধানীর নিকেতন থেকে আসা আবীর সাহা বলেন, “অনেক লম্বা লাইন ঠেলে তবেই মেলায় ঢুকতে পেরেছি। এই কড়া রোদে অপেক্ষা করতে হয়েছে। তবে দুঃখ নেই।”

ভাষাশহীদদের স্মরণের এই দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বে স্বীকৃত। শহীদ মিনার হয়ে অনেক বিদেশিও ঢু মারেন বই মেলায়।

একটি গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত কানাডীয় নাগরিক স্যান্ডিও এসেছিলেন মেলায়; বাংলার রাজনীতি, ইতিহাসের কিছু ইংরেজি অনুবাদগ্রন্থও কেনেন তিনি।

বাংলা আর ইংরেজি মিশিয়ে স্যা ন্ডি বলেন, “বাঙালির আত্মত্যাগ, ভাষার জন্য তাদের সংগ্রাম সত্যিই অসাধারণ। ভাষার জন্য আর কেউ রক্ত দেয়নি। আর এই বইমেলার মতো এত বড় বইমেলা তো কোথাও হয় না। দেশে ফিরে গিয়ে বন্ধুদের বলবো বাংলাদেশের কথা।”

ফার্মগেইট থেকে দুই তরুণ আসেন বাংলাদেশ ক্যাথলিক স্টুডেন্ট গ্রুপকে সঙ্গে নিয়ে। এদিন তারা সবাই কেনেন মুক্তিযুদ্ধের রচনাবলী, বাংলা ও বাঙালির ইতিহাস সম্পর্কিত বই।

ভারতের ভোপাল থেকে আসা তনুল চক্রবর্তীর হাতে দেখা গেল বাংলাদেশের রাজনীতি, সামাজিক প্রেক্ষাপট সম্পর্কিত বই। ছয় বছর পর এই মেলায় আসা ভারতীয় এই বাঙালি বলেন, “কী যে ভালো লাগছে! মাতৃভাষার টানে আজকের এ দিনে ছুটে আসা।”

একু্শে ফেব্রুয়ারির দিনে মেলায় আসা মানুষদের বই পছন্দের ক্ষেত্রেও অন্যেদিনের চেয়ে কিছুটা অমিল দেখা যায়।

মেলার শিশুচত্বরে শুধু বাংলা একাডেমির স্টলেই ছিল মুক্তিযুদ্ধবিষয়ক বই, তা নিয়ে আগ্রহ ছিল পাঠকদের। সেখানে ইকবাল হোসেনে লেখা জীবনীগ্রন্থ ‘শহিদ ময়েজউদ্দিন আহমেদ’, আহমদ রফিকের ‘ভাষা আন্দোলনের স্মৃতি ও জিজ্ঞাসা’, মামুন সিদ্দিকীর লেখা ‘শহীদ সার্জেন্ট জহুরুল হক’, বেবী মওদুদের ‘রাসেলের গল্প’, আসাদ চৌধুরীর ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ’-বইগুলোর প্রতি ছিল কিশোর পাঠকদের ঝোঁক।

ভাষা আন্দোলনের নানা স্মৃতি, প্রেক্ষাপট আর মুক্তিযুদ্ধবিষয়ক বইয়ের খোঁজ করতে দেখা যায় মিরপুর থেকে আসা আব্রাহাম খানকে। বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা শরীফুল হাসান এসেছেন মেয়ে সুরাইয়া ইসলামকে নিয়ে, তারা খুঁজেছিলেন মুক্তিযুদ্ধের কবিতা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা ‘গ্রাফিকস নভেল’ এদিনও দারুণ বিকিয়েছে। মেলায় আসা ক্ষুদে পাঠকদের আগ্রহ ছিল তাতে। ভিড় লেগেছিল এ স্টলে।

ইস্কাটন থেকে আসা মেহরান খান বলে, “বঙ্গবন্ধুকে আমি টিভিতে দেখি। আমি জানি, তিনি আমাদের জাতির পিতা। জাতির পিতাকে নিয়ে খুব ভালো বই এটা। আমি এটা কিনে নিয়ে বন্ধুদেরও বলব কিনে নিতে।”

মুক্তিযুদ্ধের উপন্যাস কেনেন চিকিৎসক মাহমুদুর রহমান, তার স্ত্রী লায়লা আরজুমান্দ আরা বানু কেনেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রবন্ধ।

লায়লা বলেন, “ভাষার মাস জুড়ে ভাষার টানেই ছুটে আসি বইমেলায়। তবে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে তো তেমন কোনো উদ্যোগ চোখে পড়ে না। কোথাও তাদের প্রতিকৃতি তো দেখলাম না। আয়োজকরা কি তাদের ভুলেই গেল?”

সৈয়দ নাঈমুল হক নামের আরেকজনও বলেন, “কী আশ্চর্য! ভাষা শহীদদের নিয়ে কোনো আয়োজন তো দেখছি না।”

বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়ক বলেন, “এত বড় মেলা! আয়োজনে কিছু ত্রুটি তো থেকেই যাবে।

“কিন্তু মেলার দর্শক-পাঠক আর প্রকাশকদের এই মিলনমেলাটি দেখুন। কোথাও কি আবেগের এতটুকু কমতি আছে! একুশের দিনে মেলার এই আবেদন কখনও ফুরাবে না।”

বাংলা একাডেমির আয়োজন

গ্রন্থমেলার মূলমঞ্চে সকাল সাড়ে ৭টায় শুরু হয় স্বরচিত কবিতা পাঠের আসর। এতে ১২০ জন নবীন-প্রবীণ কবি কবিতা আবৃত্তি করেন। সভাপতিত্ব করেন কবি মোহাম্মদ সাদিক।

বিকেল ৪ টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘ধর্মীয় বহুত্ববাদ : বাঙালি গৌরবময় উত্তরাধিকার’ শীর্ষক বক্তৃতানুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ইতিহাসবিদ ড. আবদুল মমিন চৌধুরী। স্বাগত ভাষণ প্রদান করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করেন ইতিহাসবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম।

শামসুজ্জামান খান বলেন, “বাঙালির ধর্মীয় বহুত্ববাদিতার ঐতিহ্য আমাদের ভাষা, সাহিত্য ও সংস্কৃতিতেও সমানভাবে ব্যাপ্ত। নানান ধর্ম সম্প্রদায়ের মনীষার চিন্তাধারা আমাদের ধর্মনিরপেক্ষ মূল্যবোধকে শক্তিশালী করেছে।”

মমিন চৌধুরী বলেন, “ধর্মীয় উগ্রতার উদীয়মান শক্তিকে প্রতিহত করতে প্রয়োজন অতীতের উত্তরাধিকার সচেতনতা-সমৃদ্ধ দৃঢ় আত্মোপলব্ধি।”

নতুন বই

গ্রন্থমেলার একুশতম দিনে নতুন বই এসেছে ২৬১টি এবং ৪৩টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এর মধ্যে রয়েছে গল্প-৩৪টি, উপন্যাস-৩৪টি, প্রবন্ধ-১৪টি, কবিতা-৭৯টি, গবেষণা-৭টি, ছড়া-৪টি, শিশুসাহিত্য-১১টি, জীবনী-৫টি, মুক্তিযুদ্ধ-৮টি, ভ্রমণ-১২টি, ইতিহাস-৩টি, রাজনীতি-১টি, চিকিৎস/স্বাস্থ্য্-২টি, কম্পিউটার- ২টি, অনুবাদ-১টি, নাটক-১টি, অন্যান্য-৪০টি ও সায়েন্স ফিকশন-৩টি।

এদিন অনিন্দ্য প্রকাশ থেকে এসেছে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের গবেষণাধর্মী প্রবন্ধ ‘সাম্প্রতিক ফোকলোর ভাবনা’, একই প্রকাশনী থেকে এসেছে সৈয়দ শামসুল হকের সায়েন্স ফিকশন সমগ্র, হরিশংকর জলদাসের ‘বাংলা সাহিত্যের নানা অনুষঙ্গ’।

কামাল চৌধুরীর ভ্রমণবিষয়ক বই ‘কন্যাকে নিয়ে লেখা’ এনেছে পাঠক সমাবেশ।

কবি শামীম আজাদ ও স্টিফেন ওয়াটসের ‘ব্রিটিশ বাংলাদেশি পোয়েট্রি’-শিরোনামের কবিতার বইটি এনেছে আগামী প্রকাশনী। এই প্রকাশনী থেকে এসেছে মিল্টন রহমানের প্রবন্ধ ‘কবি শহীদ কাদরী ও অন্যান্য প্রবন্ধ’। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভ্রমণ কাহিনি ‘বাংলাদেশের হৃদয় হতে’ বইটি পাওয়া যাবে এই প্রকাশনীতে।