২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত স্থান সংরক্ষণের দাবি

ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত সব স্থান চিহ্নিত ও সংরক্ষণ করাসহ ১১ দফা দাবির বাস্তবায়ন চেয়ে প্রতীকী পদযাত্রা করেছে ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2017, 10:24 PM

Updated : 11 Oct 2022, 01:29 PM

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে ১৪৪ ধারা ভেঙে যেস্থান থেকে মিছিল বের করেছিল ভাষা সৈনিকরা, ঢাকা মেডিকেল কলেজের সেই আমতলা থেকে শহীদ মিনার পর্যন্ত সোমবার বিকালে এই প্রতীকী পদযাত্রা হয়।

গত ১৭ বছর ধরে ২০ ফেব্রুয়ারি বিকালে আমতলা গেইট থেকে শহীদ মিনার পর্যন্ত ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদ প্রতীকী পদযাত্রা করে আসছে বলে জানান পরিষদের কোষাধ্যক্ষ সালমা আহমেদ হীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “১১ দফা দাবি আমাদের দীর্ঘদিনের। এসব দাবির মধ্যে কয়েকটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানাই।”

তবে প্রতীকী পদযাত্রার আগে আমতলায় অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির পক্ষ থেকে ১১ দফার সব প্রস্তাবনা বাস্তবায়নের দাবি জানানো হয়।

সভায় ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদের সভাপতি এমআর মাহবুব বলেন, “বাঙ্গালি জাতিরাষ্ট্রের বিকাশে ভাষা আন্দোলনের ভূমিকা ছিল অনন্য। দীর্ঘদিন হলেও ভাষা আন্দোলনের স্মৃতিচিহ্নগুলো আমরা এখনও সংরক্ষণ করতে পারিনি।”

Image
ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদের প্রতীকী পদযাত্রা

ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদের প্রতীকী পদযাত্রা

Image
ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদের প্রতীকী পদযাত্রা

ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদের প্রতীকী পদযাত্রা

ভাষা আন্দোলনের স্মৃতি জড়িত সব স্থান চিহ্নিত করা ও সংরক্ষণের পাশাপাশি ভাষা আন্দোলন স্মৃতি দিবসগুলো যথাযথভাবে পালনের উদ্যোগ নিতে আহ্বান জানিয়ে তিনি বলেন, “ভাষা শহীদ ও সৈনিকদের নামে চত্বর, তোরণ, বিভিন্ন স্থাপনা, স্থান, সড়ক নির্মাণ ও নামকরণের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি ভাষা শহীদদের কবর শনাক্ত করতে হবে।”

মাহবুব বলেন, “ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত রশিদ বিল্ডিং, ১৪৪ ধারা ভাঙার গেইট, শহীদ মিনার হয়ে আজিমপুর কবরস্থান পর্যন্ত সড়কটিকে ‌‘শহীদ সরণি’ বা ‘ভাষা আন্দোলন স্মৃতি সড়ক’ নামকরণ করা ও নাম ফলক লাগানোর দাবি জানাচ্ছি আমরা।”

পরিষদের সাধারণ সম্পাদক এম এ মুক্তাদীর বলেন, “জাতিসংঘের দাপ্তরিক কাজে বাংলা ভাষা ও সন অন্তর্ভুক্ত করতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরও জোরালো উদ্যোগ গ্রহণ করা উচিত। এছাড়া রাষ্ট্রের সর্বস্তরে বাংলা সন চালু ও তারিখ ব্যবহারে বাংলা তারিখ ব্যবহার বাধ্যতামূলক করা হোক। পাশাপাশি ২১ ফেব্রুয়ারি ৮ ফাল্গুন হিসেবে ঠিক রাখার দাবি করছি।”

Image
ভাষা সৈনিক মির্জা মাজহারুল ইসলাম

ভাষা সৈনিক মির্জা মাজহারুল ইসলাম

Image
ভাষা সৈনিক রেজাউল করিম

ভাষা সৈনিক রেজাউল করিম

তিনি বলেন, ভাষা আন্দোলনকারীরা আমাদের শ্রেষ্ঠ সন্তান। তাই ভাষা শহীদদের বীরশ্রেষ্ঠ ও ভাষা সৈনিকদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হোক, পাঠ্যপুস্তকে তাদের বীরত্ব তুলে ধরা হোক।

“বিদেশিদের জন্য বাংলা শেখার কারিকুলাম তৈরির উদ্যোগও নিতে হবে। পাশাপাশি প্রযুক্তিতে বাংলা ভাষা ব্যবহারের জন্য অভিন্ন বাংলা সফটওয়ার গ্রহণের উদ্যোগ নিতে হবে।”

এম এ মুক্তাদীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‍“আমাদের ১১ দফা দাবির কয়েকটি ইতোমধ্যে বাস্তবায়নের পথে রয়েছে। এগুলো বাস্তবায়ন হলে আমরা আনন্দিত হব। আশা করছি সরকার সব দাবিই বাস্তবায়ন করবে।”

সমাবেশে অন্যদের মধ্যে ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদের সহ-সভাপতি সৈয়দ নাজমুল আহসান, ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ডা. মনিলাল আইচ লিটু বক্তব্য দেন।

Image
ভাষা সৈনিক আবদুল করিম পাঠান

ভাষা সৈনিক আবদুল করিম পাঠান

এসময় ভাষা সৈনিকদের মধ্যে মীর্জা মাজহার, রেজাউল করিম, শামসুল হুদা, মুস্তাফিজুর রহমান ও আবদুল করিম পাঠান উপস্থিত ছিলেন।

পরে বিকাল সাড়ে ৪টার আমতলা গেইট থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত প্রতীকী পদযাত্রা করেন তারা।