ঢাকা, চট্টগ্রাম, সিলেটে বজ্রসহ বৃষ্টির আভাস
ময়মনসিংহ জেলা এবং ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ী দমকাসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুকনো থাকতে পারে।
আবহাওয়া অফিস বলছে, বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয় পাদদেশের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।
আবহাওয়ার ৭২ ঘণ্টার পূর্বাভাসেও (বৃহস্পতিবার পর্যন্ত) বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।
সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে, ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিন ঢাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩০ ডিগ্রি সেলসিয়াস ও ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
ফেব্রুয়ারি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে ১-২ দিন বজ্রঝড় হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে।
