২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা সিটি ভোট ও সুনামগঞ্জ উপ নির্বাচন ৩০ মার্চ

আটকে থাকা কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন এবং সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের শূন্য২ আসনে উপ নির্বাচন হবে ৩০ মার্চ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2017, 02:08 PM

Updated : 19 Aug 2022, 03:49 PM

নতুন নির্বাচন কমিশনের প্রধান কে এম নূরুল হুদা সোমবার নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে আলাদাভাবে দুই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।  

তিনি জানান, এ দুই নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা আগামী ২ মার্চ পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

সুনামগঞ্জে ৫ মার্চ মনোনয়ন যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাাহার করা যাবে ১৩ মার্চ পর্যন্ত।

আর কুমিল্লায় ৫ ও ৬ মার্চ যাচাই-বাছাই শেষে ১৪ মার্চ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাাহার করা যাবে।

নতুন ইসির পক্ষ থেকে প্রথম ভোটের তফসিল জানাতে এসে সিইসি নূরুল হুদা দলীয় প্রতীকে সিটি করপোরেশনের ভোট এবং উপ নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করতে রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা চান।

“নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম ঘটে না। আমরা চাই এ ভোট প্রতিযোগিতামূলক হোক, সবাই অংশ নিক। এতে সুষ্ঠুভাবে ভোট হবে। এক্ষেত্রে রাজনৈতিক দলসহ সবার সহযোগতা চাই।”

ভোটে কোনো ধরনের প্রভাব বিস্তার যাতে না হয়- সে বিষয়ে ইসির কড়া নজর থাকবে বলে  আশ্বাস দেন সিইসি।

তিনি বলেন, প্রার্থিতা প্রত্যাহারে কারও চাপের অভিযোগ পেলেই ‘তাৎক্ষণিক ব্যবস্থা’ নেওয়া হবে।

“কখনো যদি এ ধরনের অভিযোগ পাই, কঠোরভাবে তা মোকাবেলা করব। রাজনৈতিক দলগুলোকে আমাদের সহযোগিতা করার আহ্বান জানাই।”

নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ ও জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান সিইসির সঙ্গে ছিলেন।

 

কুমিল্লা সিটি ভোট

দুটি পৌরসভা নিয়ে ২০১১ সালের জুলাই মাসে কুমিল্লা সিটি করপোরেশন গঠিত হওয়ার পর দ্বিতীয় ভোট হবে এবার।

২০১২ সালের ৫ জানুয়ারি প্রথম নির্বাচন নির্দলীয়ভাবে হলেও এবার মেয়র পদে ভোট হবে দলীয় প্রতীকে। রাজনৈতিক দলের প্রার্থী হতে দল থেকে প্রত্যয়ন নিতে হবে। আর স্বতন্ত্র প্রার্থীদের ৩০০ ভোটারের সমর্থনসূচক তালিকা দিতে হবে। তবে কাউন্সিলর পদের ভোট হবে আগের মতই নির্দলীয়।

এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডলকে। তার সঙ্গে নয়জন সকহারী রিটার্নিং কর্মকর্তা থাকছেন।

>> এ সিটিতে মোট ভোটার ২ লাখ ৭ হাজার ৩৮৪ জন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ২ হাজার ৩২৯ জন; নারী ১ লাখ ৫ হাজার ৫৫ জন।

>> এ সিটি করপোরেশনে সাধারণ ওয়ার্ড ২৭টি, সংরক্ষিত ওয়ার্ড নয়টি। মোট ৬৫টি কেন্দ্রের ৪২১টি ভোটকক্ষে ভোটগ্রহণ হবে এবার।

কুমিল্লা সিটির প্রথম নির্বাচনে বিএনপি সমর্থিত মনিরুল হক সাক্কু আওয়ামী লীগ সমর্থিত আফজল খানকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।

২০১২ সালের ৯ ফেব্রুয়ারি সিটি করপোরেশনের প্রথম সভা হয়। সে হিসাবে ৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন শেষ করার আইনি বাধ্যবাধকতা থাকলেও সীমানা নিয়ে আইনি জটিলতায় নির্বাচন আটকে যায়। সম্প্রতি স্থগিতাদেশ উঠে গেলেও বিগত কমিশন তফসিল ঘোষণার দায়িত্ব নতুন কমিশনের ওপর দিয়ে যায়।

 

সুনামগঞ্জ-২ উপ নির্বাচন

চলতি বছরের ৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যু হলে সুনামগঞ্জ-২ আসনটি শূন্য হয়।

এ নির্বাচনে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা এবং সুনামগঞ্জ সদর ও দিরাইয়ের উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সহকারী রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে।

>> দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ আসনে ১৩টি ইউনিয়ন রয়েছে। এ আসনের ১১০টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ রয়েছে ৫০২টি।

>> এ আসনে মোট ভোটার ২ লাখ ৫২ হাজার ৪৩০জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ২৬ হাজার ২২৮ জন; নারী এক লাখ ২৬ হাজার ২০২ জন।

আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত জাতীয় সংসদে সুনামগঞ্জের দিরাইয়ের মানুষের প্রতিনিধিত্ব করেছেন সাতবার। সর্বশেষ ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

পুরনো খবর:

নতুন ইসির অধীনে কুমিল্লায় ভোট: সিইসি রকিব
কাজী রকিবের কাছে আরও ৩ ভোটের তারিখ চায় ইসি সচিবালয়