২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্যাংকারে বিস্ফোরণ: দগ্ধ ৩ জনের শঙ্কা কাটেনি

বরিশালে তেলের ট্যাংকারের ইঞ্জিন রুমে বিস্ফোরণে দগ্ধ চারজনের মধ‌্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2017, 01:52 PM

Updated : 11 Oct 2022, 01:29 PM

পুরনো খবর:

বরিশালে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ, চালকসহ দগ্ধ ৪

শনিবার রাতে কীর্তনখোলা নদীতে ওই ঘটনার পর ট্যাংকার চালক শহীদুল, গ্রিজার নাজমুল ও হুমায়ুন কবিরকে রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। এছাড়া লস্কর আবু সুফিয়ানকে ভর্তি করা হয় বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দগ্ধ যে তিনজনকে ঢাকায় আনা হয়েছে, তারা এখনও শঙ্কামুক্ত নয়।”

তিনজনের মধ্যে শহীদুলের শরীরের ৫০ শতাংশ, নাজমুল ও হুমায়ুন কবিরের ৮০ শতাংশের বেশি পুড়ে গেছে বলে বলে জানান এই চিকিৎসক।

শনিবার রাত ৯টার দিকে কীর্তনখোলা নদীর চাঁনমারী খেয়াঘাটে ওই তেলবাহী ট্যাংকারের ইঞ্জিনরুমে বিস্ফোরণ ঘটে।

বরিশাল ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলাউদ্দিন জানান, চট্টগ্রাম থেকে সাড়ে ৯ লাখ লিটার ডিজেল ও পেট্রোল নিয়ে বরিশালে যমুনা অয়েলের ডিপোতে যাচ্ছিল এমটি অ‌্যাংকর এস নামের ট্যাংকারটি। চাঁনমারী খেয়াঘাটে ইঞ্জিনরুমে বিকট শব্দে বিস্ফোরণের পর জাহাজে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভিয়ে ফেলায় আরও বড় ধরনের বিপদ এড়ানো গেলেও চারজন দগ্ধ হন।