অধ্যাপক আনিসুজ্জামান আবার অসুস্থ
বিদেশে চিকিৎসা নিয়ে ফেরার নয় দিনের মাথায় পিঠে ব্যথা নিয়ে আবার হাসপাতালে ভর্তি হচ্ছেন অধ্যাপক আনিসুজ্জামান।
শনিবার সকালে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন।
তবে জন্মদিন বলে চিকিৎসকদের বলে এই অধ্যাপককে সাময়িক সময়ের জন্য বাসায় নিয়ে গেছেন পরিবারের সদস্যরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এমিরেটাস অধ্যাপকের ৮০ তম জন্মবার্ষিকী ঘিরে নানা আয়োজন রয়েছে।
ঠাণ্ডাজনিত অসুস্থতার সঙ্গে মেরুদণ্ডে তীব্র ব্যথা অনুভবের পর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে থাইল্যান্ড নেওয়া হয়েছিল অধ্যাপক আনিসুজ্জামানকে। চিকিৎসা নিয়ে তিনি গত ৯ ফেব্রুয়ারি দেশে ফেরেন।
এই কদিন কিছুটা ভালো থাকলেও পিঠের ব্যথা আবার বেড়ে যাওয়ায় শনিবার সকালে তাকে বিএসএমএমইউতে নেওয়া হয়।
সেখানে ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক আতিকুল হকের অধীনে তাকে ভর্তি করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার জামাতা আজিমুল হক রায়হান।
তবে এরপর তাকে বাসায় নেওয়া হয় বলে তার ছেলে আনন্দ জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, “থাইল্যান্ডের চিকিৎসক বলেছিলেন, পিঠে ব্যথা সেরে যাবে। কিন্তু কোনো উন্নতি হয়নি।
“চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র শুক্রবার বিএসএমএমইউ-তে পাঠানো হয়েছিল। আজ (শনিবার) সকালে ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান বাবাকে হাসপাতালে নিয়ে যেতে বলেন।”
ফুসফুসে সংক্রমণ থেকে পিঠে ব্যথা খুব বেড়ে গেছে জানিয়ে অধ্যাপক আতিকুল হক এই অধ্যাপককে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।
“যেহেতু আজ (শনিবার) তার ৮১তম জন্মদিন, তাই তাকে কয়েক ঘণ্টার জন্য হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে। বাবার ছাত্র, অনুরাগীরা তাকে দেখতে আসছেন,” বলেন আনন্দ।
অধ্যাপক আনিসুজ্জামান
অধ্যাপক আনিসুজ্জামানকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আনিসুজ্জামানের জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা নিয়ে বিকালে তার কাছে যান প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন।
পরবর্তী চিকিৎসার বিষয়ে জামাতা আজিমুল হক বলেন, “ইন্টারনাল মেডিসিন বিভাগের চিকিৎসকরা আগে দেখবেন। তারপর তার চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।”
খ্যাতিমান অধ্যাপক আনিসুজ্জামানের জন্ম ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বসিরহাটে। ভারত ভাগের পর তারা এপারে চলে আসেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন আনিসুজ্জামান। এই ভূখণ্ডে ধর্মান্ধতা ও মৌলবাদবিরোধী নানা আন্দোলনে সক্রিয় ভূমিকা রয়েছে তার।
