বিচারপতি শিবলীর আবেদনের শুনানি হবে আপিলের নিয়মিত বেঞ্চে
স্থায়ী নিয়োগ না দেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বিচারপতি ফরিদ আহমদ শিবলীর রিট আবেদনের বিষয়ে হাই কোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি হবে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিষয়টি নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়ে শুনানির জন্য ২৩ ফেব্রুয়ারি দিন ঠিক করে দিয়েছেন।
বিচারপতি ফরিদ আহমদ শিবলীর আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
পরে মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আগামী রোববার আবেদনটি শুনানির আরজি জানিয়েছিলাম। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল আমাদের আরজির বিরোধিতা করে এপ্রিলে তারিখ দিতে বলেছিলেন। পরে আদালত আগামী ২৩ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেন।”
ফরিদ আহমদ শিবলীসহ ১০ জনকে ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি দুই বছরের জন্য হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই দুই বছর মেয়াদ শেষে রাষ্ট্রপতি গত ৭ ফেব্রুয়ারি আটজনকে স্থায়ী নিয়োগ দিলেও ফরিদ আহমেদ শিবলী বাদ পড়েন।
এরপর গত ৯ ফেব্রুয়ারি ‘স্থায়ী হল ৮ বিচারপতির নিয়োগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক যুগান্তর, যেখানে বলা হয়, “প্রধান বিচারপতি এসকে সিনহা নয়জনকেই স্থায়ী বিচারপতি নিয়োগের সুপারিশ করেছিলেন। প্রধান বিচারপতির সুপারিশের পরও একজনকে স্থায়ী নিয়োগ থেকে বঞ্চিত করায় সুপ্রিম কোর্টের ‘১০ বিচারপতির মামলা’-সংক্রান্ত রায়ের লঙ্ঘন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।”
দশ বিচারপতির নিয়োগসংক্রান্ত মামলার বাদী অ্যাডভোকেট ইদ্রিসুর রহমানকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়, “২০০৩ সালে ১০ জন বিচারপতিকে স্থায়ী নিয়োগ না দেওয়ায় মামলা করা হয়। ওই মামলায় সিদ্ধান্ত হয় বিচারপতি নিয়োগে প্রধান বিচারপতির মতামতের প্রাধান্য থাকতে হবে। এটাই এখন আইন।
“এখন যে একজনকে বাদ দেওয়া হয়েছে তাকে স্থায়ী নিয়োগে প্রধান বিচারপতির সুপারিশ থাকার পরও বাদ দেওয়াটা আইনের লংঘন, সংবিধানের লংঘন এবং এর আগে ১০ বিচারপতির মামলায় সুপ্রিম কোর্ট যে নীতিমালা করে দিয়েছেন, সেটারও লংঘন।”
এরপর হাই কোর্টে এই রিট আবেদন করেন বিচারপতি ফরিদ আহমদ শিবলী। নিয়োগ স্থায়ী না করার এই সিদ্ধান্ত ‘সংবিধানের ৯৫ অনুচ্ছেদ ও মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থি’ দাবি করে এই রিট আবেদনে রুল চাওয়া হয়।
ওই সিদ্ধান্ত কেন বাতিল ও বেআইনি ঘোষণা করা হবে না, বিচারপতি ফরিদ আহমদ শিবলীকে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগের নির্দেশ কেন দেওয়া হবে না এবং তাকে স্থায়ী করার আগ পর্যন্ত হাই কোর্টে নতুন নিয়োগ বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে আদালতের কাছে রুল চান তিনি।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, আই্ন সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে রিটে বিবাদী করা হয়।
ওই আবেদনের শুনানি করে হাই কোর্ট গত ১২ ফেব্রুয়ারি বিচারপতি ফরিদ আহমদ শিবলীকে আপিল বিভাগে যাওয়ার পরামর্শ দিয়ে তার আবেদনের নিষ্পত্তি করে দেয়।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চ ওই আদেশে বলে, এর আগে বাদপড়া বিচারপতি এবিএম আলতাফ হোসেনের আবেদন আপিল বিভাগে বিচারাধীন থাকায় বিচারপতি ফরিদ আহমেদ শিবলীর আবেদনে হাই কোর্ট কোনো সিদ্ধান্ত দিতে পারে না।
১৯৫৬ সালে জন্ম নেওয়া ফরিদ আহমদ শিবলী আইনের ডিগ্রি নেওয়ার পর ১৯৮৩ সালে সহকারী জজ হিসেবে বিচার বিভাগে যোগ দেন। ২০০৪ সালে তিনি পদোন্নতি পেয়ে দায়রা জজ হন।
২০১৫ সালের শুরুতে প্রধান বিচারপতি এস কে সিনহা দায়িত্ব নেওয়ার পর ফরিদ আহমেদ শিবলীকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর এক বছরের মাথায় তিনি অতিরিক্ত বিচারক হিসেবে হাই কোর্টে নিয়োগ পান।
