পাঠ্যপুস্তকের বাইরে মুক্তিযুদ্ধের ইতিহাসের বইয়ে আগ্রহ কম তরুণদের
যে প্রজন্মের জন্য একুশের বইমেলায় এত আয়োজন, সেই প্রজন্মের প্রতিনিধিরা এসে বলে গেছেন, একুশ-মুক্তিযুদ্ধ-ইতিহাস তাদের কাছে কেবল ‘পাঠ্যপুস্তককেন্দ্রিক’। সিলেবাসের বাইরে এসে মুক্তিযুদ্ধের বইয়ের প্রতি ‘তেমন আগ্রহ’ নেই তাদের।
দেশভাগের প্রেক্ষাপট, ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ আর স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় নিয়ে আন্তর্জাতিক মহলের তৎপরতা –মুক্তিযুদ্ধকালীন নানা প্রেক্ষাপট নিয়ে ১৫ ফেব্রুয়ারি অবধি মুক্তিযুদ্ধবিষয়ক বই এসেছে ৫৩টি।
সত্যিই কী পাঠক আছে মুক্তিযুদ্ধভিত্তিক বইয়ের? যে প্রজন্মের উদ্দেশ্যে লেখা, সেই প্রজন্ম কী পড়ছে? উত্তরে প্রকাশকরা যখন বলছেন, একটি নির্দিষ্ট শ্রেণির পাঠকের কথা, তখন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বলছেন, শৈশব থেকেই সঠিক পাঠাভ্যাস গড়ে উঠেনি তাদের।
গ্রন্থমেলার শুরু থেকে শতাধিক তরুণ পাঠকের উপর জরিপ চালিয়ে দেখা গেছে, তাদের অধিকাংশ কিনছেন, হুমায়ূন আহমেদের ‘হিমু’ আর ‘মিসির আলী’ সমগ্র, কেউ কিনেছেন জাফর ইকবালের সায়েন্স ফিকশনগুলো।
এ অবধি বইমেলায় আসা মুক্তিযুদ্ধভিত্তিক বইগুলোর মধ্যে ঐতিহ্য প্রকাশনী থেকে আসা বঙ্গবন্ধুর নির্বাচিত ভাষণের শ্রুতলিপি ‘ওঙ্কারসমগ্র’, কথাপ্রকাশ থেকে ড. আবু মো. দেলোয়ার হোসেনের প্রবন্ধ ‘ভাবনায় মুক্তিযুদ্ধ, চেতনায় মুক্তিযুদ্ধ’, রোদেলা থেকে রঞ্জনা বিশ্বাসের ‘লোকসংস্কৃতি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’, ইত্যাদি প্রকাশনী থেকে ড. জাহিদ হোসেন প্রধানের ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান’, অন্যপ্রকাশ থেকে শাহাবুদ্দীন নগরীর ‘আকবর রাজাকার হয়েছিল’, সময় থেকে কর্নেল তৌফিকুর রহমানের ‘গেরিলা-১৯৭১’, শোভাপ্রকাশ থেকে মহিবুল আলমের উপন্যাস ‘তালপাথার পুথি’, মাওলা ব্রাদার্স থেকে ডা. নুজহাত চৌধুরীর ‘এ লড়াই অনিবার্য ছিল’, দ্য রয়েল পাবলিকেশন্স থেকে সৈয়দ ইকবালের ‘বঙ্গবন্ধু ও বাঙালির মুক্তির সংগ্রাম’ এবং কাকলী থেকে রবীন্দ্রনাথ ত্রিবেদীর ‘বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস প্রসঙ্গ’ রয়েছে।
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রবি কিংবা গ্রামীনফোনের তরুণ কর্মকর্তা ইয়াসির আরাফাতের আগ্রহ ‘তিন গোয়েন্দা’ আর ‘বিদেশি অনুবাদে’, মুক্তিযুদ্ধবিষয়ক বইয়ে ‘তেমন নয়’।
রোমান্টিক সায়েন্স ফিকশন আর ভূতের গল্প পড়ুয়া তরুণ লুপিন আর ইতু সোজাসাপ্টা বলে দিলেন, মুক্তিযুদ্ধবিষয়ক বইয়ের প্রতি আগ্রহ আমাদের নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিতের ছাত্র আব্দুল মান্নান, জান্নাতুল নাঈমরা সাহিত্য নিয়ে বেশ আগ্রহী হলেও মুক্তিযুদ্ধের বই নেই তাদের সংগ্রহের তালিকায়। সমরিতা মেডিকেল কলেজের ঈশান ও প্রভা, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের তানভির ও অনয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শান্ত, বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় পা রাখতে যাওয়া নিশাত, কাকন কারও ‘আগ্রহ নেই’ মুক্তিযুদ্ধবিষয়ক বইয়ের প্রতি। সায়েন্স ফিকশন আর হুমায়ূন আহমেদ, কেউ কিনেছেন রোমান্টিক উপন্যাস কিংবা রবীন্দ্র-শরৎসাহিত্য। বইয়ের র্যাকে মুক্তিযুদ্ধবিষয়ক বই না থাকায় নেই কোনো আক্ষেপ।
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী সানবির ও স্বর্ণা বলেন, তারা ভালোবাসেন সায়েন্স ফিকশন। বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে ‘বাধ্যতামূলকভাবে’ মুক্তিযুদ্ধের ইতিহাস পড়তে হয়, তাতেই নাকি ‘অনেক কিছু জানা হয়ে গেছে’ তাদের।
‘পাঠক আছে, তবে তা নির্দিষ্ট শ্রেণির’
বইমেলায় মুক্তিযুদ্ধবিষয়ক বইয়ের খোঁজ করতে দেখা গেল ইডেন কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সাবরুণ আহমদকে।
তিনি বলেন, “কলেজের ছাত্রীদের বিভিন্ন অনুষ্ঠানে বই উপহার দিতে হবে। বইমেলায় এসে মুক্তিযুদ্ধের বই খুঁজছি। জানি ওরা এসব পড়তে চায় না, আমরা খুব সচেতনভাবে এসব ইতিহাস ওদের হাতে তুলে দিতে চাই।”
কাকলী প্রকাশনীর স্বত্বাধিকারী এ কে নাসির আহমেদ সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুক্তিযুদ্ধভিত্তিক বইয়ের পাঠক আছে, তবে তা নির্দিষ্ট শ্রেণির। তরুণ বলুন, কিংবা মধ্যবয়স্ক ওরা মেলায় এসেই এসব বইয়ের খোঁজ করবে। প্রেমের উপন্যাস আর সায়েন্স ফিকশন পড়া পাঠক কি আর সহজে এসব বই পড়বে।”
তাম্রলিপির প্রকাশনীর স্বত্বাধিকারী এ কে তারিকুল ইসলাম রণি বলেন, “মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাসের প্রতি ভালো ঝোঁক আছে কিশোরদের। অভিভাবকরাও এসে তাদের জেলার বইগুলো কিনে নিয়ে যাচ্ছেন। মূল কথা হল, কিশোরদের উপযোগী করে উপস্থাপন করতে পারলেই হল।”
“বাচ্চাদের উপযোগী করে কমিকস বই কিন্তু নিয়ে এসেছি আমরা, সেগুলো ভালো বিকোচ্ছে। বেশকিছু পুরনো মুক্তিযুদ্ধের বই আছে, সেগুলোর খোঁজ করছেন পাঠকরা। উপস্থাপনের ভঙ্গিই গুরুত্বপূর্ণ।”
‘৬৪ জেলার মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস’ সিরিজ সম্পাদনা করেছেন বাংলা একাডেমির প্রেস বিভাগে দায়িত্বরত আমিনুর রহমান সুলতান।
তিনি বলেন, “আমাদের আরও বেশি জানান দিতে হবে এসব বইয়ের ব্যাপারে। বাবা-মাকেই এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
‘ইতিহাস বিকৃতি, কমছে তরুণের আগ্রহ’
মুক্তিযুদ্ধভিত্তিক বইয়ের প্রতি তরুণের আগ্রহ না থাকার কারণ হিসেবে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী দুষছেন ‘ইতিহাস বিকৃতি’কে।
পাঠ্যপুস্তকে ‘সাম্প্রদায়িকীকরণের’ বিরুদ্ধে চলতি সামাজিক আন্দোলনে অগ্রণী এই ব্যক্তিত্ব বলেন, “নতুন প্রজন্মকে এখন মুক্তিযুদ্ধ থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। হেফাজত আর তরিকতের কাছে সরকার অসহায় আত্মসমর্পন করছে।”
তরুণদের বিভ্রান্তি ঠেকাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রাথমিক পর্যায়ে বাবা মাকে মূল ভিত রচনা করতে হবে। তাদের ভূমিকা বিশাল, তাদের দায়িত্বটি মৌলিক।”
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও অমর একুশে গ্রন্থমেলা উদযাপন কমিটির অন্যতম সদস্য গোলাম কুদ্দুছ বলেন, “কোন ধরনের বই পড়বে কিশোররা, কোন ধরনের বই আসলে আসা উচিত বেশি, তাতে রাষ্ট্রের ভূমিকাও গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধভিত্তিক বইকে তারা পেট্রোনাইজ করতে পারে।”
