দোকান খোলা রেখেই মৌচাক মার্কেট মেরামতের নির্দেশ
সব কিছু স্বাভাবিক রেখেই ঢাকার মৌচাক মার্কেট মেরামতের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহও চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
দোকান মালিক সমিতির করা একটি আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাই কোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন রেজা-ই-রাব্বি খন্দকার, মো. সাইফুল ইসলাম ও আফরিন জাহান খান।
“এ আবেদনের শুনানি নিয়ে মৌচাক মার্কেটের দোকান খোলা রেখেই মেরামতের নির্দেশ দিয়েছেন। এছাড়া গ্যাস, বিদ্যুৎ, পানির সংযোগও অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন হাই কোর্ট।”
২০১৪ সালের ৭ মে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) মৌচাক মার্কেটের ভবন মালিককে একটি চিঠি দেয়।
চিঠিতে বলা হয়, ইমারতটি জীর্ণ ও দৃশ্যত ঝুঁকিপূর্ণ প্রতীয়মাণ হওয়ায় বুয়েট পুরকৌশল বিভাগ কর্তৃক পরীক্ষা-নিরীক্ষাপূর্বক কাঠামোগত উপযুক্ততার সনদ গ্রহণ করে চাওয়া তথ্যাদি এই দপ্তরে (রাজউক) দাখিল করার জন্য অনুরোধ করা হল। সেইসঙ্গে ভবনটির কাঠামোগত উপযুক্ততা নিশ্চিত হয়ে ব্যবহারের পরামর্শ দেওয়া হল।
এরপর বুয়েট নিরীক্ষা করে সুপারিশসহ প্রতিবেদন রাজউকে দাখিল করে। এর প্রেক্ষিতে রাজউক গত ২ মে ভবন মালিককে আরেকটি চিঠি দেয়।
ওই চিঠিতে বলা হয়, বুয়েট প্রণীত কাঠামোগত মূল্যায়ন প্রতিবেদনের পরামর্শ ও কর্তৃপক্ষের ওই নির্দেশনা স্বত্ত্বেও কাঠামোগত ঝুঁকি হ্রাসে ব্যবস্থা গ্রহণ না করে দায়িত্বহীনভাবে মার্কেট ব্যবহার অব্যাহত রেখেছেন, যা জীবন ও সম্পদের জন্য ঝুঁকিপূর্ণ এবং ইমারত নির্মাণ আইন-১৯৫২ এর সুস্পষ্ট লঙ্ঘন।
এ অবস্থায় মার্কেটটির ব্যবহার বন্ধ করে বুয়েটের করা নকশা মোতাবেক বিশেষজ্ঞ প্রকৌশলীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে অবিলম্বে সংস্কার কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়।
কাঠামোগত ঝুঁকিপূর্ণ ভবনটি ব্যবহারের কারণে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে তার দায় মালিককে নিতে হবে বলেও সতর্ক করে রাজউক।
এ চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে মৌচাক মার্কেটের ভবন মালিক আশরাফ কামাল পাশা হাই কোর্টে ওই রিট আবেদন করেন।
গত বছর ৬ জুন ওই রিটের শুনানি নিয়ে ভবন সংস্কার সম্পন্ন বা বিল্ডিং কোড অনুসারে সনদ না পাওয়া পর্যন্ত মৌচাক মার্কেটের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেয় হাই কোর্ট।
পরে দোকান মালিক সমিতির আপিলে হাই কোর্টের আদেশ স্থগিত হয়ে যায়।
