সুরঞ্জিতের স্থলাভিষিক্ত হলেন খসরু
সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে আইন, বিচার বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু।
বুধবার অধিবেশনে এই কমিটিসহ আরও তিনটি কমিটি পুনর্গঠনে সংসদ নেতা শেখ হাসিনার পক্ষে প্রস্তাব সংসদে তোলেন প্রধান হুইপ আ স ম ফিরোজ। পরে প্রস্তাবগুলো কণ্ঠ ভোটে পাস।
আইন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে সদস্য হিসেবে সংরক্ষিত আসনের সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীকে অন্তর্ভুক্ত করা হয়।
গত ৫ ফেব্রুয়ারি মারা যান সুরঞ্জিত সেনগুপ্ত। গত নবম জাতীয় সংসদেও মন্ত্রী হওয়ার আগ পর্যন্ত আইন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি ছিলেন তিনি।
এদিকে মতিন খসরুর সভাপতিত্বে থাকা অনুমিত হিসাব কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নূর-ই-আলম চৌধুরীকে (লিটন)।
গত নবম সংসদে হুইপের দায়িত্বে থাকা লিটন ওই বার নৌ পরিবহন সম্পর্কিত কমিটির সভাপতি ছিলেন। তবে দশম সংসদে সংসদীয় কমিটি গঠনের সময় কোনো কমিটির দায়িত্ব পাননি তিনি।
এছাড়া বুধবার বাণিজ্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য পদে পরিবর্তন আনা হয়।
