২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে বৃহস্পতিবার ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2017, 04:02 PM

Updated : 11 Oct 2022, 01:28 PM

এবারই প্রথম বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধান এই সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পেলেন বলে বুধবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানান।

তিনি বলেন, “১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি চলা এই সম্মেলনের মাঝে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে। ১৮ ফেব্রুয়ারি এই বৈঠক হবে।”

Image
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জার্মানি সফর নিয়ে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ছবি: মোস্তাফিজুর রহমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জার্মানি সফর নিয়ে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ছবি: মোস্তাফিজুর রহমান

পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই নেতার বৈঠকে যেসব বিষয়ে মতবিনিময় হবে সেগুলো হচ্ছে- উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পারস্পরিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি প্রশমন, ইউরোপে চলমান শরণার্থী ও অভিবাসন সংকট, বৈশ্বিক সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গিবাদসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়।

বৈঠকের পর দুই শীর্ষ নেতার উপস্থিতিতে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নিরোধে নিয়মিত কূটনৈতিক আলোচনার লক্ষ্যে একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হতে পারে বলে জানান মাহমুদ আলী।

সম্মেলনের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “পোল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে, তুরস্কসহ ২০টি দেশের রাষ্ট্র বা সরকার প্রধান নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে।

“এছাড়া ন্যাটো, ইউরোপিয়ান ইউনিয়ন, গ্রিন পিস, ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বিশেষজ্ঞ প্রতিনিধিদেরও সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে।”

১৯৬৩ সালে মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের যাত্রা শরু হয়। স্নায়ুযুদ্ধের পটভূমিতে তৈরি হলেও পাঁচ দশকের বেশি সময় ধরে এই সম্মেলন বিশ্ব নিরাপত্তা ও বিভিন্ন পরিবর্তনের প্রেক্ষিত নিয়ে আলোচনা করে থাকে। সময়ের সঙ্গে এটি বর্তমান বিশ্ব নিরাপত্তা আলোচনায় সেরা ‘থিঙ্ক ট্যাঙ্ক কনফারেন্স’ হিসেবে বিবেচিত হচ্ছে।