২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাকে অবজ্ঞায় সংস্কৃতিকর্মীদের ক্ষোভ

ঔপনিবেশিক সরকার আমলে জীবন দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা করা হলেও স্বাধীন দেশে সেই ভাষার অবজ্ঞায় ক্ষোভ প্রকাশ করেছেন সংস্কৃতিকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2017, 10:12 PM

Updated : 11 Oct 2022, 01:27 PM

অবিলম্বে রাষ্ট্রীয় সব ক্ষেত্রে বাংলার ব্যবহার নিশ্চিত করার দাবি করেছেন তারা।

সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত ‘একুশের অনুষ্ঠানমালা’র উদ্বোধনী আসরে যোগ দিয়ে বক্তারা অভিযোগ করেন, মৌলবাদী গোষ্ঠীকে ‘তুষ্ট’ করতে সরকার বাংলা ভাষার এই অবজ্ঞায় কোনো পদক্ষেপ নিচ্ছে না।

বুধবার বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ মর্মবাণীকে ধারণ করে এবার এই আয়োজন করা হয়েছে।

কামাল লোহানী বলেন, “মধ্যযুগে আরবি, ফারসি, পরে ইংরেজ আর তাদের পরে পাকিস্তানিরা এসে উর্দু ভাষা চাপিয়ে বাংলাকে নানাভাবে দমন করার চেষ্টা করেছে। যখনই বাংলা ভাষা বিলু্প্তির চেষ্টা হয়েছে, তখনই আমরা তা প্রতিরোধ করেছি।

“অথচ দেখুন আজ বাংলাকে দমন করতে সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদীরা ধারাবাহিকভাবে কত চক্রান্ত করছে।”

সংবিধান অনুযায়ী সর্বস্তরে বাংলা ভাষাকে প্রাধান্য না দেওয়ায় ক্ষুব্ধ কামাল লোহানী বলেন, “কদিন পর তো ওরা বলবে, বাংলা হিন্দুর ভাষা। এই ভাষায় কথা বলা যাবে না।

“সর্বস্তরে কেন বাংলার প্রচলন হল না, তার খবর নেওয়ার আজ কেউ নেই।”

সম্প্রতি প্রাথমিক স্তরে পাঠ্যপুস্তকে ভাষাবিকৃতি এবং বাংলার শীর্ষস্থানীয় কবি-সাহিত্যিকের লেখা বাদ দেওয়ার নিন্দায় সরব হয়ে ওঠেন এই ভাষাসংগ্রামী।

“কবিগুরুর রচনা পরিবর্তন করা হয়েছে, কুসুমকুমারী দেবী, রণেশ দাশগুপ্তদের মতো লেখকদের অবজ্ঞা করা হয়েছে, মুক্তিযুদ্ধের গল্প বাদ দেওয়া হচ্ছে। হেফাজতের নির্দেশনা অনুযায়ী পাঠ্যপুস্তককে কলঙ্কিত ও কলুষিত করা হয়েছে।”

ঢাকাসহ দেশের প্রায় প্রতিটি শহরে সাইনবোর্ড, নেমপ্লেট ইংরেজিতে লেখায় বিস্ময় প্রকাশ করে  তিনি বলেন, “আজ দেখছি, বাংলার চেয়ে ইংরেজি বড় হয়ে গেল। এর চেয়ে লজ্জার আর কী হতে পারে?”

সর্বস্তরে বাংলার ব্যবহার বাধ্যতামূলক করে নির্বাহী আদেশ জারির আবেদন জানিয়ে তিনি বলেন, “এক আদেশের মাধ্যমে দেশের প্রতিটি অফিস-আদালতে বাংলা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানানো যেতে পারে।”

ভাস্কর হামিদুর রহমান ও নভেরা আহমেদের নকশা অনুযায়ী শহীদ মিনার চত্বরে গ্রন্থাগার ও জাদুঘর প্রতিষ্ঠার দাবি জানান তিনি।

এর আগে ঘোষণাপত্র পাঠ করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ।

তিনি বলেন, “সামরিক দুঃশাসনের অবসান হলেও আমাদের কাঙ্ক্ষিত মুক্তি এখনও পরাঙ্মুখ।

“আজকের পৃথিবীর দিকে তাকালে আমাদের গা শিউরে ওঠে, হৃদয়-মন বেদনায় ভারাক্রান্ত হয়। বিমর্ষ, উৎকণ্ঠিত চিত্তে আমরা নিজেকে প্রশ্ন করি, আমি কি আমার ধর্ম ভুলে যাই- সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।”

পাঠ্যপুস্তকে পরিবর্তনের সমালোচনা করে আওয়ামী লীগ সমর্থক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থি বিষয় যুক্ত করে বাংলাদেশের পাঠ্যপুস্তকে যে ন্যক্কারজনক ও অন্যায় পরিবর্তন আনা হয়েছে, তা ধর্মের নামে সংঘাত, হানাহানি ও জঙ্গিবাদকে উস্কে দেওয়ার মতো এক গভীর ষড়যন্ত্র বৈ কী?”

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ অভিযোগ করেন, গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান ক্যাফেতে জঙ্গি হামলার পর সংস্কৃতিকর্মীদের পক্ষ থেকে শিশুদের মাঝে অসাম্প্রদায়িক চেতনার বিকাশে উদ্যোগ নেওয়া হলেও সরকার তাতে সাড়া দেয়নি।  

“শিক্ষা মন্ত্রণালয়কে বলেছিলাম, আমরা বিনা পারিশ্রমিকে শিশুদের সাংস্কৃতিক শিক্ষায় শিক্ষিত করব। কিন্তু আমাদের দাবি প্রত্যাখ্যাত হয়েছে।”

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের সভপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী, আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকামউল্লাহ ও গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর।

উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে হয় দলীয় সংগীত, দলীয় আবৃত্তি, একক আবৃত্তি, একক সংগীত, দলীয় নৃত্য, শিশু-কিশোর পরিবেশনা ও পথনাটক।

বুধবার থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে হবে। পরে ১৮ থেকে ২১  ফেব্রুয়ারি ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে হবে।