‘কাট অ্যান্ড পেস্টে’ ‘ইসলামিক রিপাবলিক’ হল বাংলাদেশ
ইউনেস্কোর প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের ভুলে বাংলাদেশকে ‘ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ’ নামে একটি আন্তর্জাতিক সম্মেলনের অতিথিদের কাছে মেইল বার্তা পাঠানো হয়েছিল।
বিষয়টি নজরে আনার পর ইউনেস্কো ক্ষমা চেয়ে অতিথিদের সংশোধিত মেইল পাঠায় বলে বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন।
সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ই-নাইন সম্মেলনে এই বিপত্তি ঘটেছিল। সম্মেলনের বিগত সভাপতি দেশ পাকিস্তানের নাম কেটে বাংলাদেশ বসাতে গিয়ে এই বিভ্রাট হয়েছে বলে ধারণা কর্মকর্তাদের।
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার শিক্ষা বিষয়ক ‘এসডিজি-৪’ লক্ষ্য অর্জনের কার্যকর কৌশল নির্ধারণে গত ৫ থেকে ৭ ফেব্রুয়ারি ঢাকায় ই-নাইন মন্ত্রী পর্যায়ের সম্মেলন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা ছাড়াও এই ফোরামের সদস্য বাংলাদেশ, ভারত, ব্রাজিল, চীন, মিশর, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মেক্সিকো ও নাইজেরিয়ার শিক্ষামন্ত্রীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ এবারই প্রথম ই-নাইন সম্মেলনের আয়োজন করে। এই সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশ এই ফোরামের সভাপতির দায়িত্ব পেয়েছে।
গত মেয়াদে ই-নাইনের সভাপতি ছিল পাকিস্তান। পাকিস্তানের অফিসিয়াল নাম ‘ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান’।
পাকিস্তানের নামের আদলে অতিথিদের কাছে পাঠানো মেইল বার্তায় বাংলাদেশের নাম লেখা হয় ‘ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ’; যদিও বাংলাদেশের অফিসিয়াল নাম ‘পিপলস রিপাবলিক অব বাংলাদেশ’।
এই সম্মেলন আয়োজনে যুক্ত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ধারণা কাট-পেস্ট করতে গিয়ে ইউনেস্কোর এই ভুলটা হয়েছে।
“কাট অ্যান্ড পেস্ট করার সময় ভুল হয়। আমার ধারণা, কাট-পেস্ট করতে গিয়ে তারা রিপ্লেস কমান্ড দিয়ে দিয়েছিল, পাকিস্তান রিপ্লেস করে বাংলাদেশ করে। কিন্তু পাকিস্তানের নামের আগে যেটুকু আছে, হয়ত তা খেয়ালে ছিল না।”
কম্পিউটারে কোনো টেক্সট প্রতিস্থাপনে ‘কাট অ্যান্ড পেস্ট’ বেশ প্রচলিত।
এই অনুষ্ঠানের আমন্ত্রপত্রেই ছিল সেই ভুল
চৌধুরী মুফাদ বলেন, ইউনেস্কো সদর দপ্তর থেকে অনুষ্ঠানের আমন্ত্রণের ইমেইল পাঠানো হয়েছিল।
“আমরা পয়েন্ট আউট করার দুই-তিন মিনিটের মধ্যে তারা অ্যাপোলাজাইজ করে সকল জায়গার আবার রিভাইজটা (মেইল) দিয়েছে।”
বিষয়টি নেহায়েতই ভুল মনে করছেন অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ।
“উদ্দেশ্যমূলকভাবে কেউ পাকিস্তানের জায়গায় বাংলাদেশ লিখলে তাদের ছাড়তাম নাকি? এটা একটা মিসটেইক, একটা ভুল হতেই পারে।”
ইউনেস্কোর ফ্রেমওয়ার্কের ভিত্তিতে ই-নাইন প্রতিষ্ঠিত হয়েছে জানিয়ে অতিরিক্ত সচিব মুফাদ বলেন, “ই-নাইন এর সেক্রেটারিয়েট ইউনেস্কো সেক্রেটারিয়েট, ফাংশনটা করে ইউনেস্কো। এজন্যই ইউনেস্কোর ডিজি এই অনুষ্ঠানে এসেছিলেন।”
ইউনেস্কো ও বাংলাদেশ মিলে এবারের ই-নাইন সম্মেলনের অতিথির তালিকা তৈরি করেছে জানিয়ে চৌধুরী মুফাদ বলেন, আমাদের তরফ থেকে যে গেস্ট লিস্ট গেছে সেখানেতো বাংলাদেশই লেখা ছিল।
“ভুল (বাংলাদেশের নাম) ধরা পড়ার পরে বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো অতিথির তালিকা ইউনেস্কো থেকে এনে ফের যাচাই করা হয়েছে, আমাদের কাগজে দেশের নাম ঠিকই ছিল।”
পারস্পরিক যোগাযোগ ও তথ্য বিনিময়ের মাধ্যমে ইউনেস্কোর সবার জন্য শিক্ষা কর্মসূচি এগিয়ে নেওয়া এবং দ্রুততার সঙ্গে সামষ্টিক সাফল্য অর্জনের লক্ষ্য নিয়ে ১৯৯৩ সালে ভারতের নয়া দিল্লিতে ই-নাইন গঠিত হয়।
