পাকিস্তান দূতাবাসে কাশ্মির দিবস পালনে তথ্যমন্ত্রীর অসন্তোষ
ভারতশাসিত কাশ্মিরের জনগণের প্রতি সহমর্মিতা জানিয়ে ঢাকায় পাকিস্তান দূতাবাসে কর্মসূচি পালনে অসন্তোষ জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এটা ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সমস্যা বাংলাদেশে টেনে আনার অপকৌশল ছাড়া কিছু নয়।
একে শিষ্টাচার বহির্ভূত বলেও মনে করছেন তিনি।
কাশ্মির অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে ভারত সরকার, কাশ্মিরের বিদ্রোহী গোষ্ঠী ও পাকিস্তান সরকারের মধ্যে বিরোধ রয়েছে।
উভয় দেশই কাশ্মিরকে নিজেদের দাবি করে, যার জের ধরে হাজার হাজার মানুষ মারা গেছেন। ৫ ফেব্রুয়ারিকে কাশ্মির সংহতি দিবস পালন করে পাকিস্তান।
রোববার ঢাকায় পাকিস্তান দূতাবাসেও কাশ্মির দিবস পালিত হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।
বিষয়টি নিয়ে সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “আমরা মনে করি বাংলাদেশে এই দিবস পালন পাকিস্তান-ভারতের দ্বিপক্ষীয় সমস্যা বাংলাদেশে টেনে আসার অপকৌশল ও কূটচাল ছাড়া কিছুই নয়। এটাকে আমি শিষ্টাচার বহির্ভূত ঘটনা বলে মনে করি।”
কাশ্মির সংহতি দিবস পালন করায় পাকিস্তানের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, “এই পাকিস্তান ১৯৭১ সালে বাংলাদেশের জনগোষ্ঠীর উপরে, বাঙালি জাতিসত্তার উপর নির্মম গণহত্যা পরিচালিত করে, মানবাধিকার লংঘন করে, যুদ্ধাপরাধ করে।
“যেখানে বাংলাদেশের জাতিসত্তার উপর আক্রমণের ব্যাপারে পাকিস্তান সাফাই গায়, মাফ চায় না, সেখানে কাশ্মির জনগোষ্ঠীর জন্য দরদ দেখানোটা মায়াকান্না ছাড়া কিছুই নয়।”
তিনি বলেন, “পাকিস্তানের জন্মের পর থেকে পাকিস্তানি শাসকগোষ্ঠী ধারাবাহিকভাবে বাঙালি, বেলুচ, পশতুন, সিন্দি জাতিসত্তার উপরে সীমাহীন নির্যাতন-অত্যাচার চালিয়ে আসছে। পাকিস্তান শাসকগোষ্ঠীর ইতিহাস হচ্ছে বিভিন্ন জাতিসত্তা দমন করা এবং ধ্বংস করে দেওয়ার ইতিহাস।”
