২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈচিত্র্যের খোঁজে মেলায় তরুণ পাঠকরা

এবারের একুশে বই মেলায় গল্প–উপন্যাসের পাশাপাশি তরুণ পাঠকরা সমকালীন রাজনীতি, ভাষাতত্ত্ব, সমাজবিজ্ঞান ও বিশ্ববাজার-অর্থনীতির বইসহ বৈচিত্র্যময় বিষয়ের দিকে ঝুঁকেছেন।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2017, 11:24 PM

Updated : 11 Oct 2022, 01:25 PM

অমর একুশে গ্রন্থমেলার চতুর্থ দিন শনিবার ছুটির দিনের বিকাল গড়াতেই মেলায় ছিল উপচেপড়া ভিড়। সাহিত্য অঙ্গনে নতুন পাঠকদের সঙ্গে পরিচিত হতে লিটল ম্যাগ চত্বরেও ছিল উল্লেখযোগ্য সংখ্যক পাঠক।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমরান শিশির বলেন, “গল্প-উপন্যাস নয়, আমি এসেছি একটু গবেষণাধর্মী আর বিচিত্র বইয়ের খোঁজে। সমাজতত্ত্ব আর রাজনীতি নিয়ে বই খুঁজছি।”

‘টুকটাক’ লেখালেখিতে থাকার রাইসুল ইসলাম সজীব জানালেন, নিজের বানান ও উচ্চারণ শুদ্ধির জন্য তিনি কিনেছেন বাংলা একাডেমির বানান ও উচ্চারণ অভিধান।

হাবীবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থী নিহাদ, মেহেদিরা এসেছেন রবীন্দ্র-সাহিত্য নিয়ে তুলনামূলক প্রবন্ধের খোঁজে।

ব্র্যাকের রিসার্চ অ্যান্ড ইভালুয়েশন বিভাগের কর্মকর্তা সৈকত ইসলাম বলেন, “আমি সাধারণত অনুবাদ সাহিত্যই পড়ি, তবে নির্দিষ্ট কারও অনুবাদ নয়। দেখি ভালো কোনো সাহিত্যিকের বইয়ের অনুবাদ পাওয়া যায় কি না।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার শিক্ষার্থী বিশ্বজিৎ ও তুনু এসে কিনেছেন রবীন্দ্রসাহিত্য, কিনেছেন বুদ্ধদেব বসু, বুদ্ধদেব গুহের গল্পসমগ্র।

তুনু বলেন, “গল্প-সাহিত্যের পাশাপাশি আমরা এবার প্রবন্ধসমগ্র কিনবো। দেশি লেখকদের দারুণ সব প্রবন্ধের দেখা পেয়েছি।”

মধ্যবয়সী পাঠক কল্যাণী দাশ বলেন, “গল্প-সাহিত্যই বেশি পড়া হয়। তবুও মেলায় ইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের বই এসেছে। ছেলেমেয়েদের এসব বই তুলে দেব। অনেক কিছু জানবে-শিখবে ওরা।”

আত্মজীবনী ও মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে বই খুঁজেছেন যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক শেষ করে আসা সৈয়দ হাবিবুর রহমান।

আধ্যাত্মিকতাবাদ ও সুফিবাদের বই খুঁজে বেড়িয়েছেন ব্যবসায়ী জাহেদুল ইসলাম। সদ্যপ্রয়াত কবি শহীদ কাদরী ও সৈয়দ শামসুল হকের কবিতার বই খুঁজেছেন সিএ পড়ুয়া আকাশ। গৃহিণী সোফিয়া ইয়াসমীন খুঁজেছেন ইতিহাসভিত্তিক বই।

সুস্মিতা কর এসে কিনেছেন শানজিদ অর্ণবের ‘ধর্মকোষ’, হাসান আজিজুল হক ও সিরাজুল ইসলাম চৌধুরীর প্রবন্ধসমগ্র, জ্যোতিপ্রকাশ দত্তের ‘শ্রেষ্ঠ গল্প’।

বেসরকারি একটি কলেজের এই প্রভাষক বলেন, “বাংলাদেশ ও বিশ্বসভ্যতার নানা ইতিহাস, প্রবন্ধ এসবে অনেক তথ্য মেলে। এই তথ্যগুলো নিজের গবেষণাতেও কাজে আসে।”

লিটল ম্যাগ চত্বর থেকে বই কেনা এলজিইডি কর্মকর্তা চয়ন কুমার চক্রবর্তী বলেন, “লিটল ম্যাগে অনেক অচেনা তরুণের সাহিত্য, কবিতার দেখা মেলে। যাদের আসলে বই বের করার সামর্থ্য নেই, তারাই এসব লিটল ম্যাগে লিখে। অচেনা তরুণদের এসব সাহিত্য ভীষণ ভালো লাগে।”

লিটল ম্যাগ চত্বরের চৈতন্য-র কর্মী মামুন জানান, মেলার চার দিনে কবিতা সংকলনগুলো বিকিয়েছে ‘ভালো’।

উৎস প্রকাশনীর স্বত্বাধিকারী মোস্তফা সেলিম বলেন, “গল্প-উপন্যাসের বাইরে এসে সৃজনশীল সাহিত্যের খোঁজ করছে তরুণরা। মধ্যবয়সীরা আসছেন চিন্তাশীল বইয়ের খোঁজে। পাঠকের রুচির এই পরিবর্তন বড় ইতিবাচক।”

চারুলিপি প্রকাশনের স্বত্বাধিকারী হুমায়ূন কবীর বলেন, “মেলার প্রথম দিকে এত দর্শক –সত্যি অভাবনীয়! তারা গল্প-উপন্যাসের পাশাপাশি এবার খুঁজেছেন শহীদ কাদরী ও সৈয়দ শামসুল হকের বই। বিচিত্র চাহিদার দিক থেকে এবার পাঠকরা সত্যি চমকে দিয়েছেন আমাদের।”

নতুন বই

অমর একুশে গ্রন্থমেলার তথ্যকেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, গতকাল মেলার চতুর্থ দিনে ১৩৯টি নতুন বই এসেছে। এর মধ্যে গল্প ২৯, উপন্যাস ১৮, প্রবন্ধ ৭, কবিতা ২৮, গবেষণা ২, ছড়া ৩, শিশুসাহিত্য ৪, জীবনী ১, রচনাবলি ২, মুক্তিযুদ্ধ ৬, নাটক ২, বিজ্ঞান ১, ভ্রমণ ৬, ইতিহাস ১, রাজনীতি ২, চিকিৎসা/স্বাস্থ্য ১, কম্পিউটার ১, বৈজ্ঞানিক কল্পকাহিনি ২ এবং অন্যান্য বিষয়ের উপর বই এসেছে আরও ২৩টি বই।