মালয়েশিয়া ফেরত যাত্রীর কাছে আধা কেজি সোনা
মালয়েশিয়া থেকে আসা এক বিমানযাত্রীর প্যান্টের বেল্ট থেকে আধা কেজি সোনা উদ্ধার করেছে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তা।
মো. মাসুদ নামে ওই যাত্রীর বাড়ি বরিশালের কাউয়ারচরে। মালয়েশিয়ায় একটি খাবারের দোকানে তিনি কাজ করেন।
শনিবার সকাল ৮টায় বিমানের একটি ফ্লাইটে তিনি মালয়েশিয়া থেকে ফেরেন।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যাগেজ বেল্ট থেকে ব্যাগেজ সংগ্রহ করে কোনো ঘোষণা না দিয়ে গ্রিন চ্যানেল ছাড়ার সময় শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা মাসুদকে চ্যালেঞ্জ করেন।
“এরপর তার দেহ ও ব্যাগ তল্লাশি করে কোমরের বেল্টের বকলেসের ভিতরে এবং ট্রলি ব্যাগের বডি নির্মাণে ব্যবহৃত রডের ভিতর সোনার বারকে বিকৃত রাখা ৩৭০ গ্রাম ওজনের ছোট ২৩টি সোনার টুকরা পাওয়া যায়।”
উদ্ধার সোনার বাজার মূল্য প্রায় ১৭ লাখ টাকা।
মাসুদ দাবি করেছেন, বেল্ট ও ব্যাগটি তার নয়। রফিক নামে এক প্রতিবেশী তাকে এদুটো তাকে দিয়েছিলেন তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। ভেতরে কী ছিল, তিনি তা জানতেন না।
