বাজনদারের মতো লক্ষণ নিয়ে হাসপাতালে সাহানা
মুখমণ্ডলে গাছের শাখার মতো আঁচিল নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে নেত্রকোনার ১০ বছরের এই শিশু।
১০ বছর বয়সী একটি শিশুর মতোই অন্য সব কিছু সাহানা খাতুনের; শুধু মুখমণ্ডলে গাছের শাখার মতো আঁচিল। তার চিকিৎসার জন্যই এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নেত্রকোনার এই শিশু।
একই ধরনের লক্ষণ নিয়ে এক বছর আগে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য এসেছিলেন খুলনার আবুল ২৫ বছর বয়সী যুবক আবুল বাজনদার, যাকে ‘বৃক্ষমানব’ বলে সবাই ডাকা শুরু করেছিল।
কয়েকটি অস্ত্রোপচারে হাত-পায়ে গজিয়ে ওঠা শাখা-প্রশাখার মতো ১০ কেজি আঁচিলের ভারমুক্ত হয়ে বাড়ি ফেরার অপেক্ষায় আছেন বাজনদার।
তার মতোই লক্ষণ নিয়ে চিকিৎসাধীন এখন সাহানা। তবে তার সমস্যা আর বাজানদারের সমস্যা একই কি না, তা এখনও নিশ্চিত নন চিকিৎসকরা।
রোববার হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে সাহানাকে পাওয়া যায়; তার নাকে, কানে, গালে ও থুতনিতে গাছের শাখা-প্রশাখার মতো লম্বা আঁচিল। আঁচিল নিয়েও অন্য সব শিশুর মতোই চঞ্চলতা আছে এই সাহানার।
নেত্রকোনার বালুচরার কৃষক মো. শাহজাহানের একমাত্র মেয়ে সাহানা। তার মা নাসিমা মারা গেছেন ছয় বছর আগে। দাদি সাফিনা খাতুনই তার দেখাশোনা করেন।
বালুচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী সাহানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, আরও আগে তার মুখে এই আঁচিলগুলো ছিল। ধীরে ধীরে এগুলো বড় হয়।
ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার ভর্তি হওয়া সাহানার সমস্যাটি এখনও প্রাথমিক পর্যায়ে।
বিরল ‘এপিডারমোডাইসপ্লাসিয়া ভেরাসিফরমিস’ রোগে আক্রান্ত ছিলেন বাজনদার।
সাহানার রোগটি তা বলে এখনও মনে করছেন না জানিয়ে সামন্ত লাল বলেন, “মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে- দেখা যাক কী হয়।”
চিকিৎসাধীন বাজনদারের অবস্থা জানতে চাইলে তিনি বলেন, “তার চিকিৎসা শেষ হতে আরও মাস খানেক লাগবে। অনেক ভালো আছেন এখন।”
বাজনদারের পর গত বছরের ২১ অগাস্ট একই লক্ষণ নিয়ে বার্ন ইউনিটিতে ভর্তি হন ঠাকুরগাঁও পীরগঞ্জের মহেন্দ্র কুমার দাসের আট বছর বয়সী ছেলে রিপন কুমার দাস। তার চিকিৎসা চলছে।
রিপনের পাশের একটি শয্যায় আছে সাহানা। দুজনের কথা চালাচালিও দেখা যায়।
সাহানা রিপনকে বলছিল, “তুমি তো টু-তে পড়, আমি থ্রিতে পড়ি।”
রিপনের মা গোলাপী রানী দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিপনের দুই বার অস্ত্রোপচার হয়েছে। সে এখন আগের তুলনায় অনেক ভালো।
চিকিৎসা নিয়ে পুরোপুরি সুস্থ হওয়ার আশা করছে সাহানাও।
