পাঁচ বছরে লাভের মুখ দেখেনি রাষ্ট্রায়ত্ত পাটকল
গত পাঁচ বছরে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো লাভের মুখ দেখেনি। তবে লোকসান হলেও এসব পাটকল লিজ দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই।
সোমবার সংসদে এক প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, “বিগত পাঁচ বছরে বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) মিলসমূহ লাভের মুখ দেখে নাই। তবে বর্তমান সরকার এই খাতের উন্নয়নের লক্্যেেন নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ‘ম্যান্ডেটরি প্যাকেজিং এ্যাক্ট-২০১০’ প্রণয়নের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে।”
তিনি বলেন, “বিজেএমসির নিয়ন্ত্রণাধীন ২২টি পাটকল বর্তমানে সচল আছে। বিটিএমসির নিয়ন্ত্রণাধীন রাষ্ট্র মালিকানাধীন বস্ত্রকলের সংখ্যা ২০টি। বিগত অর্থবছরের মধ্যে কোনো মিলই লাভের মুখ দেখেনি।”
“বন্ধ ও লোকসানি বস্ত্র কলগুলো লিজ দেবারও কোনো পরিকল্পনা নেই।”
মন্ত্রী আরও বলেন, “সরকার পাট খাতের উন্নয়ন ঘটাতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ২০১৫ সাল থেকে ধান, চাল, ভুট্টা, সার ও চিনি পণ্যের ক্ষেত্রে পাটের বস্তার ব্যবহার বেড়েছে। পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে মোট রপ্তানি আয়ের তিন দশমিক ৮৬ শতাংশ অর্জিত হয়ে থাকে।”
কয়েকটি প্রশ্নের জবাবে বস্ত্র ও পাট মন্ত্রী জানান, ২০১৫-১৬ অর্থবছরে বিজেএমসি বিশ্বের ১০৪টি দেশে ৮৫ হাজার ২০৮ দশমিক ৬৩ টন পাটজাত পণ্য রপ্তানি করে ৬৫৯ কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয় করেছে। চলতি ২০১৬-১৭ অর্থবছরে এ খাতের বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক হাজার ২৬৩ কোটি ৯৩ লাখ টাকা।
আরেক প্রশ্নে মন্ত্রী জানান, দেশে বছরে বস্ত্রের চাহিদা প্রায় দুই হাজার ৪০০ মিলিয়ন মিটার। উৎপাদন হয় এক হাজার ৭০০ মিলিয়ন থেকে দুই হাজার মিলিয়ন মিটার। প্রায় ৪৯০ মিলিয়ন মিটার কাপড় বিদেশ থেকে আমদানি করতে হয়।
“আমাদের বস্ত্রশিল্প কারখানাগুলো দেশের অভ্যন্তরীণ চাহিদার ৭০-৮৩ শতাংশ মেটাতে সক্ষম। রপ্তানিযোগ্য বস্ত্র শিল্পের মধ্যে ওভেন পোশাকের ক্ষেত্রে প্রায় ৫০-৬০ শতাংশ আর নিট পোশাকের ক্ষেত্রে প্রায় ৯০ শতাংশ কাঁচামাল স্থানীয়ভাবে সরবরাহ করা হয়।”
এক প্রশ্নে ইমাজ উদ্দিন প্রামাণিক বলেন, “বর্তমানে দেশে প্রায় ১৭ লাখ একর জমিতে পাট চাষ করা হয়। সরকারের নানা উদ্যোগের ফলে পাট চাষীরা বর্তমানে পাটের ন্যায্যমূল্য পাচ্ছে।”
মন্ত্রী বলেন, “সোনালী আঁশের সুদিন ফেরাতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। গত বছরের ৬ মার্চ ‘বাংলার পাট বিশ্ব মাত’ শ্লোগানে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৬ মার্চকে ‘জাতীয় পাট দিবস’ ঘোষণা করেছেন।”
এক সময়ে বাংলাদেশের সোনালী আঁশ খ্যাত পাটের ব্যাগ বাধ্যতামূলক বাজারজাতকরণের লক্ষ্যে বর্তমান সরকার ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ প্রণয়ন ও কার্যকর করেছে বলে জানান তিনি।
এই আইনে নির্ধারিত ১৭টি পণ্য- ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি, মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু, আটা, ময়দা, তুষ-খুদ-কুড়া মোড়কীকরণে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “দেশে প্রাইভেট কারের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানের অনুকূলে মোটরযান নিবন্ধনের সর্বোচ্চ সীমা নির্ধারণের বিধান প্রস্তাবিত সড়ক পরিবহন আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে।”
গরীব চালকদের মানবিক দিক বিবেচনা করে সড়কে ব্যাটারিচালিত ইজি বাইক চালানোর সুযোগ দেওয়ার বিষয়ে এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এসব গাড়ি একদিকে বিদ্যুৎ অপচয় করছে অন্যদিকে এগুলোকে টোকা দিলে এর চালক, যাত্রী সবাই মারা যাচ্ছে।
তিনি বলেন, “আমার কাজ হচ্ছে মানুষের জীবন রক্ষা করা। জীবনের থেকে কি জীবিকা বড় হতে পারে? জীবন যেখানে হুমকির মুখে জীবিকা দিয়ে কী হবে? জীবিকার কথা বলে তো আপনি জীবনকে হুমকির মুখে ঠেলে দিচ্ছেন। এসব মরণ ফাঁদে গরীব মানুষকে ঠেলে দেবেন না। মহামান্য হাই কোর্টেও এসব যান মহাসড়কে চলার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। কাজেই এ ধরনের কোনো প্রস্তাব গ্রহণ করা সম্ভব নয়।”
