ঢাকার শাহজাদপুরে এক পরিবারের চারজন দগ্ধ
রাজধানীর শাহজাদপুরের খিলবাড়ির এলাকায় একটি বাসায় আগুন লেগে এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক জানান, খিলবাড়ি টেক স্কুল রোড এলাকার চারতলা একটি ভবনের দোতলার ওই ফ্ল্যাটে রোববার রাত ১১টার দিকে আগুন লাগে।
পরে গৃহকর্তা শহীদুল ইসলাম (৬৫), তার স্ত্রী নাদিরা বেগম (৫৫), তাদের দুই ছেলে জিহাদ (৩২) ও মোরশেদকে (২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, নাদিরার শরীরের প্রায় ৮৫ শতাংশ এবং জিহাদের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক জানান, মশার কয়েল থেকে ওই বাসায় আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।
