২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈঠকে অনিয়মিত সংসদীয় কমিটিগুলো

মন্ত্রণালয়ের কাজ পর্যালোচনা ও অনিয়ম খতিয়ে দেখতে গঠিত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিগুলোর প্রতি মাসে একবার বসার কথা থাকলেও তা হচ্ছে না অধিকাংশের ক্ষেত্রে।

সাজিদুল হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2017, 11:20 PM

Updated : 19 Aug 2022, 03:35 PM

৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মধ্যে মাত্র দুটি কমিটি নিয়মিত বৈঠক করছে। এর বাইরে সবগুলোই অনিয়মিত, কোনো কোনোটির বৈঠকের সংখ‌্যা একেবারেই নগন‌্য।

পররাষ্ট্র ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি গত এক বছরে মাত্র দুটি এবং শ্রম ও কর্মসংস্থান এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি তিনটি করে বৈঠক করেছে।

বিএনপিবিহীন দশম সংসদের যাত্র শুরু হয় ২০১৪ সালের ২৯ জানুয়ারি। প্রথম অধিবেশনেই কমিটিগুলো গঠন হয়েছিল। সেই হিসাবে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত প্রতিটি কমিটির ন‌্যূনতম ৩৩টি বৈঠক হওয়ার কথা।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিগুলোর মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয় বিষয়ক কমিটি ৩৬টি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক কমিটি ৩৩টি বৈঠক করেছে। 

প্রতি মাসে সংসদীয় কমিটির বৈঠকের হিসাব করে একটি সাররি তৈরি করে সংসদ সচিবালয়। ওই সারণির তথ্য অনুযায়ী, গত তিন বছরে মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিগুলোর মধ্যে অর্থ ১৮টি, পরিকল্পনা ৩০, স্থানীয় সরকার ১৪, পানিসম্পদ ২৪, বাণিজ্য ১৮, স্বরাষ্ট্র ১৪, মুক্তিযুদ্ধ ১৩, শিল্প ১৫, পররাষ্ট্র ১০, প্রাবসী কল্যাণ ১৫, জনপ্রশাসন ১৮, শিক্ষা ২০, স্বাস্থ্য ১৩, ডাক ও টেলিযোগাযোগ ১৭, ধর্ম ২২, তথ্য ১৮, শ্রম ও কর্মসংস্থান ১৩, বিমান পরিবহন ও পর্যটন ২৩, সড়ক পরিবহন ২০, বিদ্যুৎ​ ও জ্বালানি ২৭, মহিলা ও শিশু ৩০, মৎ​স্য ও প্রাণী ১৮, বস্ত্র ও পাট ২১, পরিবেশ ও বন ২৯, প্রতিরক্ষা ২৩, কৃষি ১৯, ভূমি ২৭, সমাজকল্যাণ ২৫, প্রাথমিক ও গণশিক্ষা ৩২, গৃহায়ণ ও গণপূর্ত ১৬, যুব ও ক্রীড়া ২৬, সংস্কৃতি ১৬, বিজ্ঞান ও প্রযুক্তি ১২, পার্বত্য চট্টগ্রাম ২১, রেলপথ ২৮, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ ১৩ এবং খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি ১৮টি বৈঠক করেছে।

সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী, প্রতিটি কমিটি মাসে অন্তত একটি করে বৈঠক করবে। কমিটির দায়িত্ব হবে মন্ত্রণালয়ের কাজ পর্যালোচনা করা, মন্ত্রণালয়ের অনিয়ম ও গুরুতর অভিযোগ তদন্ত করা এবং বিল পরীক্ষা–নিরীক্ষা করে মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া বা সুপারিশ করা।

মন্ত্রণালয় সম্পর্কিত ৩৯টি স্থায়ী কমিটির বাইরে সরকারি বিভিন্ন বিষয়ে আরও ১১টি স্থায়ী কমিটি রয়েছে। এগুলোর মধ‌্যে সর্বাধিক ৬২টি বৈঠক করেছে সরকারি হিসাব সম্পর্কিত কমিটি।

অন্য কমটিগুলোর মধ্যে কার্যউপদেষ্টা কমিটি ১৩টি, সংসদ কমিটি ১০, বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব কমিটি চার, পিটিশন এক, লাইব্রেরি সাত, সরকারি প্রতিষ্ঠান ৩০, অনুমিত হিসাব সাত ও সরকারি প্রতিশ্রুতি বিষয়ক কমিটি ২৭টি বৈঠক করেছে।

বিশেষ অধিকার ও কার্যপ্রণালী বিধি সম্পর্কিত কমিটির কোনো বৈঠক হয়নি। তবে এসব কমিটির বৈঠক অনেকাংশেই যথাযথ নোটিশের ওপর নির্ভর করে।

সংসদীয় কমিটিগুলো কার্যকর নয় বলে মনে করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংসদীয় কমিটিগুলো কার্যকর না হওয়ার নানা কারণ রয়েছে। কমিটির সদস্যদের বিদেশ ভ্রমণের প্রবণতা রয়েছে। এটা দূর করতে হবে। কারণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় বিদেশ ঘুরে এসে মন্ত্রণালয়ের কাজের জবাবদিহি নিশ্চিত করা সম্ভব নয়।”

ভারতের লোকসভায় সংসদ সদস্যদের জন্য বরাদ্দ টাকা ঠিকভাবে খরচ হয় কি না, তা দেখার জন্য পৃথক কমিটি রয়েছে জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশেও এমন কমিটির প্রয়োজন।”

নিয়মিত বৈঠক না করার কারণ জানতে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি দীপু ​মনি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কমিটির সভাপতি আ ফ ম রুহুল হকের মোবাইলে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি।

চলমান দশম সংসদের ১৪তম অধিবেশন চলছে এখন। এর আগের ১৩টি অধিবেশনে মোট কার্যদিবস ছিল ২৫১টি। আর এই সময়ে সংবিধানের ১৬তম সংশোধনীসহ সংসদে ৯৬টি আইন প্রণয়ন ছাড়াও তিনটি বাজেট পাস হয়েছে। 

এরমধ্যে প্রথম অধিবেশনে দুটি, দ্বিতীয় অধিবেশনে ছয়টি, তৃতীয় অধিবেশনে পাঁচটি, চতুর্থ অধিবেশনে ছয়টি, পঞ্চম অধিবেশনে আটটি, ষষ্ঠ অধিবেশনে পাঁচটি, সপ্তম অধিবেশনে ছয়টি, অষ্টম অধিবেশনে দশটি, নবম অধিবেশনে নয়টি, দশম অধিবেশনে ১৪টি, একাদশ অধিবেশনে ১৬টি, দ্বাদশ অধিবেশনে ছয়টি ও ১৩তম অধিবেশনে পাঁচটি আইন পাস হয়।