যারা থাকছেন সার্চ কমিটিতে
নতুন নির্বাচন কমিশনের সদস্যদের বাছাইয়ের জন্য সার্চ কমিটিতে কারা থাকছেন, তা জানার জন্য সবার নজর এখন সচিবালয়ের দিকে।
বুধবার সকালে রাষ্ট্রপতির কার্যালয় থেকে ছয় সদস্যের সার্চ কমিটি গঠনের বিষয়ে চিঠি পাওয়ার পর সার সংক্ষেপ তৈরি করে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এবার সার্চ কমিটি যে ছয় সদস্যের হচ্ছে, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তা নিশ্চিত করেছেন। তবে প্রজ্ঞাপন না হওয়ায় সার্চ কমিটির সদস্যদের নাম তিনি বা মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেননি।
মন্ত্রিপরিষদ সচিব বুধবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর তারা সার্চ কমিটির বিষয়ে আদেশ জারি করবেন।
গতবারের মত এবারও সার্চ কমিটির প্রধান হবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি। এছাড়া হাই কোর্ট বিভাগের একজন বিচারপতি সদস্য হিসেবে সার্চ কমিটিতে থাকবেন।
সকালে বঙ্গভবনের চিঠি পাওয়ার পর দুপুরে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে দেখা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। পরে তারা দুজনে সুপ্রিম কোর্টে গিয়ে প্রধান বিচারপতি এসকে সিনহার সঙ্গে সাক্ষাৎ করেন।
সার্চ কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও দায়িত্বশীল একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মাসুদ আহমেদ ছয় সদস্যের এই সার্চ কমিটিতে থাকছেন।
এছাড়া থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য শিরীণ আখতার।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে অধ্যাপক শিরীণ আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি দুপুরে জানতে পেরেছি। এটা পবিত্র দায়িত্ব। সামনে নির্বাচন। দায়িত্ব পেলে তা সুষ্ঠুভাবে সুন্দরভাবে নিরপেক্ষভাবে সকলের সহযোগিতায় সম্পন্ন করতে চাই।”
অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এ বিষয়ে কথা বলতে চাননি। তবে টিআইবির ট্রাস্টি বোর্ডের এই সদস্যের সঙ্গে সরকারের তরফ থেকে যোগাযোগ করার বিষয়টি তার ঘনিষ্ট একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
সার্চ কমিটি গঠনের পর এর সাচিবিক দায়িত্ব পালন করবে মন্ত্রিপরিষদ বিভাগ। এই কমিটি যাদের নাম প্রস্তাব করবে, তাদের মধ্যে থেকে সর্বোচ্চ পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করে দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বিকালে সাংবাদিকদের বলেন, “এখনও কিছু কাজ বাকি আছে। ফাইল অনুমোদন হয়ে ফেরত এলে আমরা প্রজ্ঞাপন করব।”
সেই প্রজ্ঞাপন বুধবারই পাওয়া যাবে কি না জানতে চাইলে তিনি বলেন, “আমরা চেষ্টা করছি। চূড়ান্ত করে কিছু বলতে পারছি না।”
