ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিদায়ী সাক্ষাতের প্রস্তুতি ইসির
বিদায়ের আগে রাষ্ট্র প্রধান ও সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন ৫ সদস্যের নির্বাচন কমিশন।
এ জন্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে সাংবিধানিক সংস্থাটি।
মঙ্গলবার জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্তমান কমিশনের সব সদস্যের মেয়াদ ফেব্রুয়ারির প্রথমার্ধে শেষ হচ্ছে। বিদায়ের আগে নিজেদের মেয়াদে কমিশনের কার্যক্রম ও সার্বিক অগ্রগতি তুলে ধরে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অভিপ্রায় প্রকাশ করেছেন ইসি।”
৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির সঙ্গে এবং ৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে বলে জানান তিনি।
“বিদায়ের আগে বর্তমান কমিশনের এটা হবে একটা সৌজন্য সাক্ষাত। সময়সূচি চূড়ান্ত হলে সিইসি ও নির্বাচন কমিশনাররা সাক্ষাতে যাবেন,” বলেন ইসি সচিব।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচননার পর সার্চ কমিটির মাধ্যমে ২০১২ সালে তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বর্তমানের ৫ সদস্যের কমিশনকে নিয়োগ দিয়েছিলেন।
ফেব্রুয়ারির প্রথমার্ধে বর্তমান কমিশন বিদায় নেবে। এরমধ্যে সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, তিন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী ৮ ফেব্রুয়ারি এবং আরেকজন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ ১৪ ফেব্রুয়ারি ৫ বছর মেয়াদ পূর্ণ করবেন।
নতুন ইসি গঠন নিয়ে বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ইতোমধ্যে ৩১টি দলের সঙ্গে সংলাপ শেষ করেছেন। ফেব্রুয়ারির প্রথমার্ধে নতুন কমিশনকে স্বাগত জানানো হবে নবনির্মিত ‘নির্বাচন ভবন’ এ।
বিদায়ের আগে গাইবান্ধার তফসিল
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনই নিজেদের মেয়াদে শেষ ভোট বলে জানালেও আইনি বাধা কেটে যাওয়ায় টাঙ্গাইল উপনির্বাচনও করতে হচ্ছে কাজী রকিবের কমিশনকে। ৩১ জানুয়ারি এ উপনির্বাচন হবে।
সময় সঙ্কটের কারণে ইতোমধ্যে রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার ভোটের তফসিল দেওয়া হয়েছে, ১৮ ফেব্রুয়ারি এ নির্বাচন হবে।
গাইবান্ধা-১ আসনের উপ নির্বাচনের তফসিলও দেওয়ার পরিকল্পনা নিচ্ছেন এ কমিশন। ৩১ মার্চের মধ্যে এ আসনের ভোট করার বাধ্যবাধকতা রয়েছে।
ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “৫ ফেব্রুয়ারি গাইবান্ধা উপ-নির্বাচনের তফসিল দেওয়ার প্রক্রিয়া চলছে। সব কিছু ঠিক থাকলে বিদায়ের আগে এ তফসিল দেওয়া হবে।”
তবে কুমিল্লা সিটি করপোরেশনের তফসিল বিদায়ের আগে না দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন সিইসি কাজী রকিব।
