অসচ্ছল ৭০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে ঢাবি অ্যালামনাই
অসচ্ছল মেধাবী ৭০০ শিক্ষার্থীকে বৃত্তি দিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যালামনাই অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার জানান, বৃহস্পতিবার সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই মিলনায়তনে এসব শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন অর্থমন্ত্রী অ্যালামনাইয়ের সাবেক সভাপতি আবুল মাল আবদুল মুহিত।
রঞ্জন কর্মকার জানান, এই বৃত্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হলে ১৫০০ শিক্ষার্থী আবেদন করেছিলেন। তাদের মধ্যে থেকে সাক্ষাৎকারের ভিত্তিতে ৭০০ জনকে বেছে নেওয়া হয়েছে।
এই ৭০০ জনের ২০১৫-২০১৬ প্রথম বর্ষ এবং ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী আছেন, যাদেরকে চার বছরে এক লাখ ২০ হাজার টাকা করে দেওয়া হবে ব্যাংকের মাধ্যমে। প্রতি তিন মাস পর পর সাড়ে সাত হাজার টাকা পাবেন তারা।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানান, সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ও পড়াশুনায় ভালো করা- এই দুই শর্তে বৃত্তি দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের।
