২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরার এমপি জগলুলের কলেজ সভাপতির পদে নিষেধাজ্ঞা

সাতক্ষীরা-৪ আসনে সরকারদলীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের শ্যামনগর আতরজান মহিলা কলেজের সভাপতি পদে থাকার উপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2017, 09:13 PM

Updated : 19 Aug 2022, 03:25 PM

একইসঙ্গে তার সভাপতি পদে থাকা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে মঙ্গলবার রুলও দিয়েছে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হুমায়ন কবির, মো. আল আমিন ও মোহাম্মদ শাফায়েত জামিল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

তাপস সাংবাদিকদের বলেন, ২০১৬ সালের ১৬ জুন জাতীয় বিশ্ববিদ্যালয় সংসদ সদস্য জগলুল হায়দারকে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার আতরজান মহিলা কলেজের সভাপতি পদে মনোয়নন দিয়েছিল। এই মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেন ওই কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এস এম আফজালুল হক।

“রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ (মঙ্গলবার) আদালত সভাপতি পদে থাকার উপর নিষেধাজ্ঞাসহ রুল জারি করেন,” বলেন এই আইনজীবী।

শিক্ষাসচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ ৫ জনকে দুই সপ্তাহের মধ‌্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত বছরের ৭ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটিতে স্থানীয় সংসদ সদস্যদের সভাপতি মনোনীত হওয়া ও বিশেষ কমিটি গঠনের বিধান সর্বোচ্চ আদালতের রায়ে বাতিল করা হয়।